২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসে ৩ থেকে ৫ টি কালবৈশাখী আঘাত হানতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি হালকা অথবা মাঝারি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলে আরও দু’ তিনটি ঝড় আঘাত হানতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মার্চ থেকে মে মাসের মধ্যে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে পাঁচ থেকে সাতটি মাঝারি অথবা ভারী কালবৈশাখী বয়ে যেতে পারে এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি চারটি কালবৈশাখী আঘাত হানতে পারে।

এ বছর মার্চে অন্যান্য বারের তুলনায় ১০ ভাগ কম বৃষ্টিপাত হবে। তবে এপ্রিল-মের দিকে বৃষ্টিপাত স্বাভাবিক হয়ে আসবে।

মার্চ এবং এপ্রিলের প্রথম দিকে কম বৃষ্টিপাতের কারণে সিলেট ছাড়া অন্য ছয়টি বিভাগে কিছুটা খড়া থাকবে।

ইতিমধ্যে শুক্রবার রাতে এবং শনিবার সকালে রাজধানীতে ০.৪ মিলিমিটার গুড়িগুড়ি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার সকালে পটুয়াখালীর খেপুপাড়ার ওপর দিয়ে ঘণ্টায় ৫৪ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। সেখানে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা জানান, মার্চে কালবৈশাখী ঝড় হওয়া স্বাভাবিক ব্যাপার। তিনি বলেন, কোনও ঝড় ভূমিতে সৃষ্টি হয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার চেয়ে বেশি বেগে প্রবাহিত হলে আমরা তাকে কালবৈশাখী বলতে পারি।

দেশের অনেক জায়গায় শনিবারও বৃষ্টি হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে ৩১ মিলিমিটার, সিলেটে ২৯ মি.মি, বরিশালে ২৩ মি.লি এবং হাতিয়ায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।