রংপুরে বোমা উদ্ধার
জেলা শহরের আলহাজ্ব নগর এলাকায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের বাড়ির ১৫০ গজ দুরে একটি মুদি দোকানের পাশে থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। সেনা বিশেষজ্ঞদের একটি দল বোমাটি নিস্ক্রিয় করতে পানিতে ডুবিয়ে রেখেছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে এলাকার আবদুর রহমানের স্ত্রী লাকি বেগম দোকানে যাওয়ার সময় রাস্তার পাশে বোমাটি পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধারের জন্য সেনাবাহিনীর সাহায্য চাইলে দুপুর ১২টার দিকে লেঃ কর্নেল উফতেখারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসে এবং বোমাটি নিস্ক্রিয় করতে পানিতে ডুবিয়ে রাখে। বোমটি শক্তিশালী হতে পারে বলে সেনা বিশেষজ্ঞদের ধারনা।
