বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় হালাল মাংস রপ্তানীর উজ্জ্বল সম্ভাবনা
মালয়েশিয়ায় হালাল মাংস রপ্তানীর মাধ্যমে বাংলাদেশের বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা অর্জনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
বিশ্বব্যাপি হালাল খাদ্যের কেন্দ্র হিসেবে মালয়েশিয়াকে গড়ে তোলার জন্য দেশটি নীতিমালা গ্রহনের প্রক্রিয়া শুরু করায় এ সম্ভাবনা দেখা দিয়েছে।
মালয়েশিয়া এ প্রেক্ষিতে বিশ্বমানের হালাল পণ্য সনদ, হালাল লোগো ও ব্র্যাণ্ডের জন্য পৃথক প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিয়েছে।
জানা যায়, বর্তমানে মালয়েশিয়া বিশ্বের একটি অন্যতম মাংস আমদানীকারক দেশ। তারা তাদের চাহিদার বেশিরভাগ অংশই ভারত, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যাণ্ড থেকে আমদানীর মাধ্যমে পূরণ করে থাকে। দেশটি প্রতি বছর ১০২,০০০ মেট্রিক টন গরু ও ছাগলের মাংস আমদানী করে।
তবে তালিকাভুক্ত না হওয়ায় মালয়েশীয় আমদানীকারকরা বাংলাদেশ থেকে কোন হালাল মাংস আমদানী করতে পারছে না।
সূত্র জানায়, মালয়েশিয়া হালাল মাংস আমদানীর ক্ষেত্রে জাতীয় হালাল সনদ, স্বাস্থ্য ও স্বাস্থ্য বিধিমালা কঠোরভাবে মেনে থাকে। যা এখন পর্যন্ত বাংলাদেশে নেই। এ অবস্থার কারণে মালয়েশিয়ার দৃষ্টিতে বাংলাদেশ এখনও তালিকাভুক্তির উপযুক্ত হয়ে উঠেনি।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শফি ইউ আহমেদ বিডিনিউজকে বলেন, মুসলিম প্রধান দেশ হিসেবে আমরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তাদের অভ্যন্তরীণ বাজারে প্রবেশ করতে পারি।
মাংস ও মাংস জাতীয় খাদ্য দ্রব্য আমদানীর ক্ষেত্রে মালয়েশিয়ার পশুসম্পদ বিভাগ প্রাণী স্বাস্থ্য এবং পশুর নিরাপদ খাদ্যের বিষয়টি নিশ্চিত হতে চায়। এ জন্য তারা আমদানী ঝুঁকি বিশ্লেষন, অনুমোদিত কসাইখানা এবং প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করে থাকে।
এর অংশ হিসেবে মালয়েশীয় কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে মাংস আমদানীর ব্যাপারে কিছু তথ্য চেয়েছে এবং বাংলাদেশ সফরের পরিকল্পনা করছে। এ সময় তারা প্রাণী স্বাস্থ্যের অবস্থা ও তাদের পালন প্রক্রিয়া পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবে।
হাইকমিশন সূত্রে জানা যায়, খাদ্য নিরাপত্তা এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের মূল্যায়ন ও চুড়ান্ত অনুমোদনের ওপরই নির্ভর করছে বাংলাদেশ থেকে মাংস আমদানীর বিষয়টি।
সূত্র জানায়, এজন্য মালয়েশিয়া কসাইখানা, পশু ও জনস্বাস্থ্য তথ্য সম্পর্কিত হালাল সনদ দেওয়ার জন্য ইসলামিক সংস্থা গড়ে তুলবে। এ বিষয়ে মালয়েশিয়ার বারাকা এক্সপোর্ট-ইমপোর্ট বাংলাদেশের ‘প্রিমিয়াম এ্যাবাটয়ার’ নামে একটি প্রতিষ্ঠানের সাথে এরইমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
