স্পেন নয়, ১১ যুবকের শেষ গন্তব্য হলো ভূমধ্যসাগরের অতল জলে
দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে স্পেন যাওয়ার পথে সাগরে ডুবে যাওয়া ১১ জন বাংলাদেশী তরুণের মধ্যে ফরহাদ হোসেন, সোহেল রানা আর আমির হোসেনের ঢাকার দোহারের বাসায় থামছে না শোকের মাতম।
খোঁজ নিয়ে জানা যায়, স্পেন নয়, ভাগ্যহত এই ১১ জনের শেষ গন্তব্য হয়েছে ভূমধ্যসাগরের অতল জলে।
নিহতদের মধ্যে ফরহাদ হোসেন, সোহেল রানা আর আমির হোসেনÑএই তিন যুবকই ছিল দোহার জেলার বাসিন্দা। ওদের নির্মম মৃত্যুতে দোহারের জয়পাড়া, নটাখোলা আর জামালচরের বাড়িতে চলছে শোকের মাতম।
দক্ষিণ কল্যাণপুরের অপর দুই সহদোর হিমেল আর মোকাদ্দেস এর মতো টানা নয় দিন অভুক্ত থেকে মৃত্যুর কোলে ঢলে পড়ে উচ্চাকাঙ্খী এই যুবকরা। দালালের খপ্পরে পড়ে মরক্কো থেকে নৌকায় চড়ে স্পেন যাওয়ার পথে ভূমধ্যসাগরে পথ হারিয়ে মৃত্যু হয় ওদের।
অলৌকিভাবে বেঁচে যাওয়া দোহার জেলার অপর তরুন মামুন, রবিউল আর মিন্টু এই তথ্য জানায় নিহতদের পরিবারকে।
নটাখোলা গ্রামের হিরন বেপারীর ছেলে ফরহাদ হোসেন। শেষ সম্বল জমি-জিরাত বিক্রি করে দোহার ট্রাভেলস’র মালিক মোস্তাক আহমেদকে সাত লাখ টাকা দেয় তার পরিবার। পাঁচ ভাই এবং দুই বোনের মধ্যে সে ফরহাদ ছিল তৃতীয়।
তার ছোট ভাই জুলহাস বিডিনিউজকে জানান, গত ৩ মার্চ আলজেরিয়ার সেন্ট্রাল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন মামুনের কাছ থেকে সাগরের সেই লোমহর্ষক ঘটনা জানতে পারে তারা। মামুন তাদের জানায় যে, মারা যাওয়ার পর তারা ফরহাদের দেহ পানিতে ফেলে দেয়। স্মৃতিস্বরূপ তার কাছে ফরহাদের দু’টি শার্ট আছে বলেও সে।
ফরহাদের মা জোবেদা খাতুন আহাজারী করে বলেন, ‘আমি আমার আদরের ছেলের লাশটাও পেলাম না!’
তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত আদম বেপারীর শাস্তি দাবি করেন।
হতভাগ্য ১১ জনের আরেকজন জামালচরের সোহেল রানা। বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দেওয়া ২৪ জন তরুণের সঙ্গে তিনি যোগ দেন দুবাই থেকে। তার ছোট ভাই মুকুল জানান, সোহেল প্রায় ৮ মাস আগে দুবাই যান। কিন্তু সেটাই তার শেষ যাওয়া। এখন সোহেলের শোকে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
উত্তর জয়পাড়া গ্রামের কোরবান মোড়লের ছেলে আমির হোসেন। হতভাগ্য এই তরুণের বোন লিপি আক্তার জানান, দোহার ট্রাভেলসের মালিক মোস্তাক হোসেনকে তারা আট লাখ টাকা দেয় স্পেন যাওয়ার জন্য।
লিপি জানান, লোমহর্ষক ওই ঘটনায় বেচে যাওয়া মামুন, রবিউল এবং মিন্টুর কাছ থেকে তারা পুরো ঘটনা জানতে পারেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ এখন পর্যন্ত এর সাথে জড়িত মোস্তাক এবং রাজুকে খুঁজেই নাকি পায়নি, তাদের গ্রেফতার তো দূরের কথা।
