বিনিয়োগ সংক্রান্ত গঠনমূলক নির্দেশনা সিলেটকে উন্নত করতে পারে
সিলেটের নয়নাভিরাম দৃশ্য এবং সুবিশাল শপিং মলগুলো নিশ্চিতভাবে সবাইকে আকৃষ্ট করবে। ব্রিটেন থেকে আসা বৈদেশিক মুদ্রার প্রবাহ পাল্টে দিচ্ছে শহরটির চিত্র।
বিশেষ করে মিলেনিয়াম শপিং মল, আল হামরা, রোজ ভিউ শপিং সেন্টারের মার্বেল খচিত কারুকাজ ও অত্যাধুনিক অ্যাসকেলেটর সুবিধা দেখে কেউ হয়তবা বিস্মিত হয়ে নিজেকে প্রশ্ন করতে পারেন, “এটা কি সিলেট না লন্ডন?”
সিলেট শহর জুড়ে ছড়িয়ে থাকা শপিং সেন্টার ও দোকানের নামকরন করা হয়েছে বিদেশের বিভিন্ন জনপ্রিয় জায়গা ও ব্রান্ডের নামে । লন্ডন ম্যানসন, পিকাডেলি স্ট্রিট, লন্ডন ফ্রাইড চিকেন, লন্ডন সুজ নামগুলোই এর উদাহরণ।
প্রবাসী সিলেটিদের জন্য বিদেশের আমেজ খুঁজে পাওয়ার জন্যই এ আয়োজন। এ ধরনের পরিবেশ দেখে আরো বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন সিলেটের প্রবাসীরা। যদিও প্রতিদিন রাতে লোডশেডিং সিলেট শহরের একটি নিত্যনৈমিত্তিক ঘটনা।
লন্ডনে বসবাসরত পাঁচ লাখ বাংলাদেশী প্রবাসীর মধ্যে শতকরা পঁচাত্তর ভাগই সিলেটের। তবে এত শপিং মল ও দোকনাপাটের কারনে সিলেটের প্রধান সড়কগুলোতে ইদানিং প্রায়ই দেখা যায় যানজট। অনেক সিলেটবাসীই শহরের বিভিন্ন স্থানে শপিং সেন্টার গড়ে উঠার প্রবণতাকে ভালো চোখে দেখছেন না। কেননা সেই অনুযায়ী শহরের রাস্তাঘাট আরো প্রশস্ত হচ্ছে না।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আব্দুল আজিজ বলেন, “এই শহরে আর নয়, যথেষ্ট শপিং সেন্টার রয়েছে।” তিনি মনে করেন, সিলেটের যথেষ্ট সম্পদ রয়েছে এবং এটি দেশের একটি উন্নত এলাকা হিসেবে গড়ে উঠতে পারে।
অধ্যাপক আজিজ আরো মনে করেন যদি সিলেটের ধনী পরিবারগুলো বিদ্যুৎ, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে পারে তাহলে সিলেটবাসীর আর কোন সমস্যা থাকবে না।
শহরের ক্রমবর্ধমান শপিং সেন্টার সংস্কৃতিকে একটি অনুৎপাদনশীল খাত বলে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ও দিক-নির্দেশনার অভাবই এ ধরনের বিনিয়োগের কারণ। এটা আসলে সিলেটের প্রবাসীদের জ্ঞানের অভাব।
সিলেটের মেয়র বদর উদ্দিন কামরানও অধ্যাপক আজিজের সাথে এক মত পোষণ করেন। তিনি বিডিনিউজকে বলেন, সিলেটের যারা যুক্তরাজ্যে থাকেন তাদের উচিত বেশি করে উৎপাদনশীল খাতে বিনিয়োগে এগিয়ে আসা।
কর্মসংস্থান বাড়াতে এবং গরীব লোকদের সাহায্য করতে সিলেটে অবশ্যই আরো হাসপাতাল ও ক্লিনিক এবং শিল্পভিত্তিক বিনিয়োগ দরকার বলে জানান সিলেট মেয়র।
তিনি বলেন উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য এখনও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। শহরে আরো ৪০/৫০ শপিং সেন্টার গড়ে উঠছে।
সিলেট ট্রেড সেন্টারের একজন সবজি ব্যবসায়ী রহিমউদ্দিন আহমেদ সিলেটে প্রবাসীদের ’লন্ডনী’ বলে অভিহিত করে বলেন, লন্ডনে যারা থাকেন তারা সেখানে ব্যবসা করেন এবং এখানেও ব্যবসা করতে চান। কিন্তু তারা সাধারণ মানুষের কথা ভাবেন না।
