২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামগড় সীমান্ত কিছুটা শান্ত, তবলছড়ি, পানছড়ি, অযোদ্ধাসহ বিভিন্ন সীমান্তে নতুন উত্তেজনা

বৃহস্পতিবার পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় সীমান্তে নতুন করে বিডিআর-বিএসএফ’র মাঝে কোন গোলাগুলির ঘটনা ঘটেনি। তবে রামগড়, তবলছড়ি, পানছড়ি, অযোদ্ধাসহ বিভিন্ন সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিকভাবে বিডিআর’র উর্ধ্বতন কর্মকর্তারা রামগড় সীমান্তে অবস্থান করছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

 বিএসএফ সীমান্ত আইন অমান্য করে রামগড়ের কাসিবাড়ি, পঞ্চরাম পাড়া, ছোট খেদাসহ বিভিন্ন সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা অব্যাহত রেখেছে। এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে পাঁচ বছরের পুরনো তবলছড়ি ব্রিজের পুনঃ নির্মাণ কাজে বাধা দিয়েছে। বিডিআর জানায়, বিষয়টি মিমাংসার জন্য শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। অপরদিকে বেলছড়ি ইউনিয়নের অযোদ্ধা সড়কের শফি টিলায় বাংলাদেশ অংশে ভাঙ্গন রোধে ফেনী নদীতে পাথর ফেলতে অবৈধভাবে বিএসএফ বাধা দিয়েছে।

সীমান্ত সূত্রে জানা যায়, বিএসএফ আক্রমনাত্মক মনোভাব নিয়ে সীমান্ত এলাকায় অসংখ্য ব্যাংকার স্থাপন, ভারী সমরাস্ত্র, কমান্ড বাহিনী ব্লাক ক্যাটস, টি.এস.আর সহ বিপুল সংখ্যক সৈন্য সমাবেশ ঘটিয়েছে। আগরতলার সাব্র“ম সীমান্ত সংলগ্ন রাস্তায় রাস্তায় বিএসএফ’র সাজোয়া যান টহল দিচ্ছে।

বাংলাদেশ সীমান্তে বিডিআর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

ইন্দো-বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী উভয় সীমান্তের ৩০০ গজের মধ্যে কোন ধরণের প্রতিরক্ষামূলক নির্মাণ কাজ না করার কথা থাকলেও বিএসএফ গত ১৬ ফেব্র“য়ারি থেকে রামগড় সীমান্তের কাসিবাড়ি, পঞ্চরামপাড়া, কাঠালতলী, ছোট খেদা, বৈষ্ণবপাড়ায় কাঁটা তারের বেড়া ও তিনটি সীমান্ত পিলার নির্মাণের চেষ্টা করে আসছে। প্রতিদিনই বিএসএফ’র কড়া প্রহরায় টিনের ঘেরা দিয়ে নারী শ্রমিক দ্বারা নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিডিআর তা শক্ত হাতে ব্যর্থ করে দেয়।

এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে ছোট খেদা ও নিতাই বৈষ্ণব কারবারী পাড়ার দুটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। 

রামগড় সীমান্তের কাসিবাড়ি, পঞ্চরামপাড়া, কাঠালতলি, ছোট খেদা, বৈষ্ণবপাড়া, নিতাই বৈষ্ণব, বাগান বাজার, আনন্দনগর, মহামুনি, ফেনী নদীর কূল এলাকা থেকে লোকজন নিরাপদ এলাকায় সরে যাচ্ছে। রামগড়-অযোদ্ধা সড়কে সবধরণের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। ফলে দু’সপ্তাহ যাবত ঐ এলাকার শত শত মানুষের চলাচল বন্ধ হওয়ায়  জীবন ও জীবিকার পথ রুদ্ধ হয়ে গেছে।