মৌলভীবাজারে ডাকাতদের হামলায় একজন নিহত
মৌলভীবাজার উপজেলার উত্তর মুলাইম গ্রামের এক বাড়িতে ডাকাতি করার সময় ডাকাতদের দায়ের কোপে খুন হয়েছে বাড়ির মালিকের এক আত্মীয়।
জানা যায়, বুধবার রাত দুইটার দিকে সদর উপজেলার উত্তর মুলাইম গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রহিম তাজুলের ঘরের দরজা ভেঙ্গে ১০/১৫ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় মালিকের আত্মীয় মাহমুদ মিয়া বাঁধা দিলে ডাকাতরা তাকে খুন করে কাপড় দিয়ে ঢেকে রেখে অন্য কক্ষে প্রবেশ করে এবং সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪৫ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত এক মাসে ঐ গ্রামে আরও চারটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
