জাতীয় পার্টি কারো ক্ষমতায় যাওয়া বা থাকার হাতিয়ার নয় : এরশাদ
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি কোনো দল বা ব্যক্তির ক্ষমতায় যাওয়া বা থাকার হাতিয়ার নয় । আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে জাতীয় পার্টি নিজেই ক্ষমতায় যাবে।
বিগত ২৮ ফেব্র“য়ারি অনুষ্ঠিত কাউন্সিলে পার্টির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হওয়ায় বুধবার মহানগর নাট্য মঞ্চে জাতীয় পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত সম্বর্ধনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টির প্রতি জনগণের আস্থা রয়েছে। আগামী নির্বাচনে আমরাই সরকার গঠন করবো।
আগের দিন সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদের জাতীয় পার্টিতে প্রত্যাবর্তনের উল্লেখ করে দলের কাজে আরও নিবেদিতপ্রাণ হতে তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান।
দলের মহানগর শাখার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীরা এরশাদকে ফুলেল সম্বর্ধনা জানায়।
