কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বিদ্যুতের লোড ব্যবস্থাপনা বৈঠক
বিদ্যুৎ খাতের শীর্ষ কর্মকর্তারা সবাই বহুল আলোচিত লোড ব্যবস্থাপনার মাধ্যমে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করে বর্তমান সংকট উত্তরণের কথা বললেন। কিন্তু বুধবার তাদের বৈঠকটি শেষ হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন প্রশ্নে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত ছাড়াই।
বিদ্যুৎ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে অবশ্য বলা হয়, লোড ব্যবস্থাপনা ছাড়া এই গ্রীষ্ম মোকাবেলা সম্ভব নয়। তাই এই পরিকল্পনা বাস্তবায়নে মেয়র, পৌর চেয়ারম্যান, জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়। পুরো কাজ সমন্বয় করার দায়িত্ব দেয়া হয় বিদ্যুৎ বিভাগের সচিবকে।
এর আগে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন লোড ব্যবস্থাপনা উদ্যোগকে স্বাগত জানালেও এর বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের জন্যে আরো আলোচনার পরামর্শ দিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, দেশের পিক এবং অফপিক আওয়ারের মাঝে চাহিদার ফারাক ১,০০০ মেগাওয়াট। ফলে লোড ব্যবস্থাপনা ছাড়া এই সমস্যা মোকাবেলা সম্ভব নয়। লোড ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, উৎপাদন ব্যয় যাই হোক ঘাটতি মোকাবেলায় পিক আওয়ারে সকল বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা হবে। যে সকল শিল্প এবং বাণিজ্য প্রতিষ্ঠানে ক্যাপটিভ পাওয়ার আছে, তাদের পিক আওয়ারে নিজস্ব বিদ্যুৎ ব্যবহারের অনুরোধ জানানো হবে। আর শহরের যে সকল বড় বড় বিপনী বিতানগুলোতে নিজস্ব জেনারেটর নেই, তাদের জেনারেটর বসানোর অনুরোধ জানানো হবে।
অপর এক সিদ্ধান্তে বলা হয়, যে সকল গ্রাহকের তিন মাসের বিল বকেয়া আছে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ডেসার আটটি জোনে একটি করে দল বৃহস্পতিবার থেকে সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করবে। বিচ্ছিন্ন সংযোগ যাতে আবার চোরাই পথে চালু না হয়, সেটা মনিটরের জন্যে একটি ইন্টেলিজেন্স টিম কাজ করবে।
পুরো বরেন্দ্র অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি এবং লো-ভোল্টেজ নিয়ে সভায় আলোচনার পর সিদ্ধান্ত হয়, পিডিবি, আরইবি এবং পিজিসিবি‘র পরিচালক পর্যায়ের কর্মকর্তারা বৃহস্পতিবার থেকে মাঠ পরিদর্শন করে এই সমস্যা মোকাবেলার পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের উদ্যোগ নেবেন।
সভার কার্যপত্র অনুযায়ী, বর্তমান বছরে চাহিদা ৩,৯০০ থেকে ৪,০০০ মেগাওয়াট। আর এই সময়ে পিডিবি দেশের সর্বোচ্চ ৩,৬৫২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দিতে সক্ষম হয়েছে। পিডিবি‘র বর্তমান নিশ্চিত উৎপাদন ক্ষমতা ৪,৩০০ মেগাওয়াট। তারমধ্যে রক্ষণাবেক্ষনে সমস্যার কারণে ৩০০-৪০০ মেগাওয়াট এবং গ্যাস সরবরাহে ঘাটতির কারণে ৫০০-৭০০ মেগাওয়াট কম উৎপাদিত হচ্ছে।
পিডিবি‘র দাবি অনুসারে তাদের প্রতিদিন গ্যাসের চাহিদা ৭০০ মিলিয়ন ঘনফুটের (এমএমসিএফডি) সামান্য বেশি। সোম এবং মঙ্গলবার পেট্রোবাংলা পিডিবিকে ৬১৯ থেকে ৬৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করেছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিডিবি, ডেসা ও আরইবি’র চেয়ারম্যান, পিজিসিবি ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ার সেলের মহাপরিচালকসহ সংস্থাগুলোর উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ।
