সরকারি প্রায় ৪ হাজার গাড়ি লাপাত্তা, ভুল তথ্য দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়
সংস্থাপন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে সরকারি যানবাহন সংক্রান্ত বিস্তারিত খতিয়ান (ইনভেন্টরি) তৈরি করতে পারছে না পরিকল্পনা মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ প্রকল্পসমূহের যানবাহন সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য সংস্থাপন মন্ত্রণালয়কে আবারও অনুরোধ জানিয়েছে তারা।
খোঁজ নিয়ে জানা যায়, একনেকের সভার সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ প্রকল্পসমূহের যানবাহন সম্পর্কে ইনভেন্টরি তৈরির দায়িত্ব দেওয়া হয় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পর্যবেক্ষন, পরিবীক্ষণ বিভাগকে (আইএমইডি)।
সূত্র জানায়, বহু তাগাদার পরও শেষ হয়ে যাওয়া বিভিন্ন প্রকল্পের ৩,৮৮৭টি যানবাহন কোথায় কি অবস্থায় রয়েছে এবং এগুলো কারা ব্যবহার করছেনÑএ সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য আড়াই বছরেও আইএমইডিকে দেওয়া হয়নি। ফলে এ দপ্তরটি যানবাহন সংক্রান্ত ইনভেন্টরি প্রণয়নের কাজ করতে পারছে না।
সংস্থাপন মন্ত্রণালয়ের সচিবের কাছে আইএমইডি’র সচিবের লেখা এক পত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি যানবাহন বিষয়ে তদন্তকালে সংস্থাপন মন্ত্রনালয় ভুল তথ্য দিয়েছে এবং বহু তাগাদা দেওয়া সত্তেও স্থানীয় সরকার বিভাগ থেকে এখন পর্যন্ত যানবাহন সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র আরও জানায়, একনেকের নির্দেশ ছাড়া ও দুর্নীতি দমন কমিশন থেকে ৩১ টি মন্ত্রনালয়ের সমাপ্ত বিভিন্ন প্রকল্পের যাবহনের হিসাব দেওয়ার জন্য সংস্থাপন সচিবকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন সভা থেকেও বার বার যানবাহনের সঠিক হিসাব দেওয়ার জন্য সংস্থাপন সচিবকে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পর ও সংস্থাপন মন্ত্রণালয় আইএমইডিকে যানবাহনের সংক্রান্ত ভুল তথ্য দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
জানা যায়, ২০০২ সালের ২৩ অক্টোবর একনেকের সভায় বিভিন্ন মন্ত্রনালয় ও বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় সংগৃহীত যানবাহনের ইনভেন্টরি প্রনয়ন করতে দায়িত্ব দেওয়া হয় আইএমইডি বিভাগকে। এরপর আইএমইডি ১৯৯৭-৯৮ থেকে ২০০৩ পর্যন্ত যানবাহন সংক্রান্ত তথ্য সরবরাহ করতে সংস্থাপন মন্ত্রনালয় সহ সব মন্ত্রণালয় ও বিভাগকে ডিও পত্রের মাধ্যমে অনুরোধ জানায়। ইনভেন্টরি প্রণয়নে বিভিন্ন সময় যানবাহন সংক্রান্ত যে সব তথ্য দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয় এগুলোর কোটিই মিল নেই বলে অভিযোগ করেছে আইএমইডি ।
শেষ হয়ে যাওয়া প্রকল্পের গাড়ি থেকে সরকারের বিভিন্ন দপ্তরের চাহিদা অনুযায়ী গাড়ি সরবারহ করা হয়। কিন্তু শেষ হয়ে যাওয়া প্রকল্পের গাড়ির কোনো খোঁÑখবর না পাওয়ায় সরকার গাড়ির চাহিদা মেটাতে এ বছর ১৭০ কোটি টাকার নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
