২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদ জানিয়ে নারী দিবস পালিত, লিড

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন নারী সংগঠনের নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মঙ্গলবার দেশে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন পালিত হয়। এসব সংগঠনের মধ্যে রয়েছে এসিড সারভাইভরস ফাউন্ডেশন, বাংলাদেশ ইনিস্টিটিউট অব লেবার স্টাডিজ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ মহিলা আইনজীবি ঐক্য পরিষদ এবং বিপ্লবী নারী সংহতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

কর্মক্ষেত্রে বেতন বৈষম্য দূর করা, চাকুরির নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে নারী সংগঠনগুলো রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচী এবং সভা-সমাবেশ পালন করে।

নারী নেত্রীরা গার্মেন্টস শিল্পে শুল্ক সুবিধা উঠে যাবার পর চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এরফলে প্রায় ১০ লাখ মহিলা গার্মেন্টস শ্রমিকের চাকুরি হারাতে পারেন।

গার্মেন্টসের মহিলা শ্রমিকদের ধর্ষন এবং বিভিন্ন নির্যাতনের প্রতিবাদ জানিয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ রাজধানীর মুক্তাঙ্গন থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে দিবসটি উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত প্রায় ১০ হাজার নারীর উদ্দেশে ভাষণ দেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এবং নারী ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী খুরশীদ জাহান হক।

দিবসটি উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের মহিলা কমিটি রাজধানীতে একটি মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগম।

মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে খান ফাউন্ডেশন এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিজ্ঞান মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন বীর বিক্রম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান, গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর, বিচারপতি ফজলুল করিম, কানাডিয়ান রাষ্ট্রদূত ডেভিড ¯প্রাউল এবং ভারতীয় রাষ্ট্রদুত বীনা সিক্রি ।

এসিড সারভাইভারস ফাউন্ডেশন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসিড বিরোধী এক সমাবেশের আয়োজন করে। এতে প্রায় চার হাজার পুরুষ অংশগ্রহণ করে। বরেণ্য কবি শামসুর রাহমান বেলুন এবং পায়রা উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন।

মহানগর নাট্য মঞ্চে ১৩ টি নারী শ্রমিক সংগঠনের সহযোগিতায় বাংলাদেশ ইনিস্টিটিউট অব লেবার স্টাডিজ এক আলোচনা সভার আয়োজন করে। এতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেন, গার্মেন্টস শিল্প থেকে কোটা সুবিধা উঠে গেলেও এখনও পর্যন্ত এর ব্যবসার ওপর বিরূপ প্রভাব লক্ষ্য করা যায়নি। এ কারণে নারী শ্রমিকদের চাকরি হারানোর কোনো অশংকা নেই।

আমানউল্লাহ আমান বলেন, সরাকার কর্মজীবী নারীদের জন্য চার মাসের মাতৃকালীন ছুটিসহ আরও অন্যান্য সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, বিলসের চেয়ারম্যান আশরাফ হোসেন এমপি এবং নারী নেত্রী শিরীন আখতার।

নারী নেত্রী রওশন আরা রুশোর নেতৃত্বে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মুক্তাঙ্গনে একটি আলোচনা সভার আয়োজন করে। এতে বাসদ নেতা খালেকুজ্জামান বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের সর্বোচ্চ পদে একজন নারী অধীষ্ঠিত হওয়া সত্ত্বেও দেশের নারী সমাজ নিরাপত্তাহীন। সভা শেষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম একটি মিছিল বের করে।

এদিকে নওগাঁ প্রতিনিধি জানান, উন্নয়ন মানবাধিকার সংস্থা জেলা শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বাগেরহাট প্রতিনিধি জানান, মহিলা পরিষদের বাগেরহাট শাখা জেলা শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাং¯কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ জেলা প্রশাসন, মানব মুক্তি সং¯থা যৌথভাবে বর্ণাঢ্য সমাবেশের আয়োজন করে।

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি জানান, মহিলা পরিষদ শহরে এক নারী সমাবেশের আয়োজন করে। উক্ত সভায় প্রখ্যাত নারী নেত্রী খালেদা খানম উপস্থিত ছিলেন।