২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের হুকুমে ঢাকায় চলছে ‘ময়ূরী’

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ, যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ’ময়ূরী’ নামের নতুন আমদানিকৃত সিএনজি চালিত থ্রি হুইলার রাজধানীতে চলাচলের জন্য রুট পারমিট প্রদান করেছে। এর আগে যোগাযোগ মন্ত্রণালয় এবং বিআরটিএ ঢাকা মহানগরীতে এই যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

অনুসন্ধানে জানা যায়, সরকারের একটি প্রভাবশালী মহলের চাপে ট্রাফিক বিভাগের ডিসি (দক্ষিণ) আনসার উদ্দিন খান পাঠান ‘ময়ূরী’ নামের নতুন সিএনজি চালিত থ্রি হুইলারকে রুট পারমিট ইস্যু করেন।

জানা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মো. আখতারউজ্জামান গত ২ অক্টোবর এক চিঠিতে বিআরটিএ’কে ময়ূরী অটো কোম্পানিকে শর্ত সাপেক্ষে নিবন্ধন দেওয়ার অনুমোদন দেন। উক্ত চিঠিতে ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন জেলা শহরে পরীক্ষামূলকভাবে ময়ূরী চালানোর শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়।

মন্ত্রণালয়ের এ নির্দেশের পর গত ৬ অক্টোবর বিআরটিএ ঢাকা শহর ছাড়া অন্যান্য এলাকায়  ময়ূরীকে চলাচলের অনুমতি প্রদান করে। কিন্তু গত ১ মার্চ ডিএমপি’র ডিসি ময়ূরীকে পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য ঢাকার বিভিন্ন সড়কে চলাচলের অনুমতি প্রদান করেন। এছাড়া তিনি শর্ত জুড়ে দেন ময়ূরী অটোকে ওই সময়ের মধ্যে রুট পারমিট আদায় করতে হবে।

সূত্র জানায়, ময়ূরী অটো’র ইঞ্জিনের কার্যকারিতা, স্থায়ীত্ব  এবং বাজার চাহিদা যাচাইয়ের বিষয়ে অনুমতি পাবার উদ্দেশে দেওয়া এক আবেদনের জবাবে ডিসি ট্রাফিক ওই অনুমদন দেন।

অন্যদিকে বিআরটিএ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বিডিনিউজকে বলেন, ডিসি ট্রাফিক’র (দক্ষিণ) রুট পারমিট ইস্যু করার কোনো এখতিয়ার নেই।

ডিসি ট্রাফিক (দক্ষিণ) আনসার উদ্দিন খান পাঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করে বলেন, ‘আমি ঢাকা শহরের বিভিন্ন সড়কে ময়ূরী অটোকে চলাচলের অনুমতি প্রদান করেছি।’

তিনি আরও সরল স্বীকারোক্তি দিয়ে বলেন, ময়ূরীর রুট পারমিট প্রদানের অধিকার আমার নেই।

ডিসি ট্রাফিক (দক্ষিণ) পাঠান বলেন, রুট পারমিট প্রদানের দায়িত্ব একমাত্র বিআরটিএ কর্তৃপক্ষের। তিনি দাবি করে বলেন, ‘ঢাকায় নতুন কোনো থ্রি হুইলার চালু করার ওপর যোযোগ মন্ত্রণালয় এবং বিআরটিএ’র নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আমি আদৌ অবগত নই।’

তিনি আরও বলেন, ‘আমি  শিগগিরই ময়ূরীর ওই রুট পারমিট বাতিল করে দেব।’