২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার রিকশা মালিকরা এক হাজারের বেশি চোরের হাতে জিম্মি

ঢাকার রিকসা মালিকরা প্রায় ৫০টি গ্র“পের এক হাজারের বেশি চোরের হাতে জিম্মি হয়ে রয়েছে। প্রতিদিন সহস্রাধিক রিকসা চুরি করে লাখ টাকার বেশি হাতিয়ে নিচ্ছে চক্রগুলো। পেছনে রয়েছে পুলিশের সহযোগিতা। মালিক ও চালকসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 04:04 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ডেমরা ও শ্যামপুর এলাকার রিকশা চালক গিয়াসউদ্দিন জানান, ঢাকা শহরে রিকশা চোররা নানা কায়দায় চুরি করে থাকে। তবে বোশর ভাগ ক্ষেত্রে যাত্রীবেশে নেশাজাতীয় খাবার খাইয়ে, চোখে মলম দিয়ে এবং পুলিশ কর্মকর্তা বা পুলিশের আত্মীয় সেজে এসব চুরি হয়।

মালিক ও চালকদের দেয়া তথ্য অনুযায়ী, চুরি হয়ে যাওয়া রিকশাগুলো নগরীর ডেমরা থানার সিটি পল্লী বস্তিসহ অন্যান্য এলাকা, শ্যামপুর, মান্দা, খিলগাঁও, মাদারটেক, বাড্ডা, খিলক্ষেত, মিরপুর, মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, লালবাগ এলাকায় নির্দিষ্ট ‘বস’ ও ‘লিডার’দের আস্তানায় জমা হয়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এর মধ্যে ডেমরা ধলপুর সিটি পল্লীতে সুমন, মামুন, আকতারসহ ৩০ জন, সিটি পল্লীর দক্ষিণ পাশে কালাম, সেলিম, আনিছসহ ২০ জন এবং  টুটুল ও মোসলেমসহ প্রায় ২০ জন চোরাই গাড়ি ও নাম্বার প্লেট বিক্রেতা রয়েছে।

শ্যামপুরে প্রভাবশালী এক নেতার ভাগনে সোহেল ও মিরাজসহ ২০ জন, মান্দায় সুন্দর আলী ও আফজালসহ ১০ জন এবং কোনাপাড়ার কাজলায় বাবু ও মিস্ত্রীসহ ১০ জন ‘বস’ রয়েছে।

বাড্ডায় বাদশা, পনু, সালাম ও রমজানসহ ২০ জন, মোহাম্মদপুর ও বেরিবাঁধ এলাকায় পুলিশের সোর্স তছিরা, মকবুল, কালু, কামালসহ ১০ জন এবং কামরাঙ্গীর চর এলাকায় মোশাররফ ও জাফরসহ ১০ ‘বস’ রয়েছে।

সূত্র জানায়, এসব বস চোরদের কাছ থেকে ৫০০ থেকে ১,০০০ টাকায় চুরি হওয়া রিকশা কিনে রাখে। এগুলো ফিরিয়ে দিতে তারা মালিকদের কাছ থেকে ১,০০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত নেয়। তবে এ জন্য রিকশা সংশিলষ্ট সংগঠনগুলোর নিজস্ব মধ্যস্থতাকারীদের সহযোগিতা লাগে। মালিকরা কোন সংগঠনের সদস্য না হলে এর পরিমান বেড়ে ২,০০০ থেকে ৩,৫০০ টাকায় দাঁড়ায়।

রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ নেতা ইনসুর আলী ও ঐক্য পরিষদ নেতা ফজলুর রহমান জানান, আদালতের আদেশে উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। তবে চোরদের হাত থেকে রক্ষা পাচ্ছে না মালিক ও শ্রমিকরা। পুলিশের সহায়তায় চোরদের কয়েকটি চক্র ও গডফাদাররা জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তারা আরও জানান, প্রতিদিন এসব চক্রের প্রায় এক হাজার সদস্য সহস্রাধিক রিকশা চুরি করছে। এ রিকশা উদ্ধারে লেনদেন হচ্ছে কয়েক লাখ টাকা। এ খাতে মাসে কোটি টাকারও ওপর লেনদেন হয়।

এ ব্যাপারে ডিএমপি’র কমিশনার এসএম মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি এ ধরণের চক্র থাকার কথা স্বীকার করে বলেন, থানা বা পুলিশ ব্যবস্থা এ ব্যাপারে ব্যবস্থা নেবে না। তবে মালিকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ করা হলে পুলিশের উচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।