২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের ঘৃণ্য ও নোংরা রূপ প্রকাশিত হয়ে গেছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সোমবার বলেন, জামায়াতে ইসলামির নেতাদের ঘৃণ্য ও নোংরা রূপ প্রকাশিত হয়ে যাওয়ায় এখন তারা আবোল-তাবোল বলছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

আব্দুল জলিল এক বিবৃতিতে জামায়াতে ইসলামি নেতাদের মন্তব্যের প্রতিবাদ করেন এবং নিন্দা জানান। এক সমাবেশে জামায়াত       নেতারা বলেন, শেখ হাসিনা, অধ্যাপক আবু সাঈদ এবং  কয়েকটি পত্রিকার সম্পাদককে গ্রেফতার করা হলে সন্ত্রাসী কর্মকাণ্ডের সকল তথ্য বের হয়ে আসবে।

আব্দুল জলিল বলেন, জামায়াতে ইসলাম ইসলামের নামে শ্লোগান দিয়ে একদিকে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সাথে সম্পর্ক ঠিক রাখে আবার অন্যদিকে স্থানীয় জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিজেদের শক্তিকে আরও জোরদার করে।

তিনি বলেন, এসব কথা জাতীয় ও আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। জামায়াত পাকিস্তানের আইএসআইয়ের মাধ্যমে সরাসরি আল কায়দার জঙ্গি সরবরাহের সাথে সম্পৃক্ত। আল কায়দা আবার রোহিঙ্গা সলিডারিটি অ্যাসোসিয়েশনের সাথে জড়িত।

জলিল আরও বলেন, আরএসও, জামায়াত এবং এর ছাত্র সংগঠন ছাত্রশিবির ঐতিহাসিকভাবেই পরস্পর সম্পৃক্ত। মায়ানমারে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার মাধ্যমে আরএসও শিবিরকে প্রশিক্ষণ প্রদান করে থাকে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জামায়াতের একটি অংশ আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের সাথে জড়িত। তাদের সাথে আরও অন্তত ১৬ টি সশন্ত্র জঙ্গি মৌলবাদী সংগঠনের নিবিড় সম্পর্ক রয়েছে।

তিনি বলেন,  শিবিরের কার্যালয়ে গোয়েন্দা সংস্থাগুলোর তল্লাশি চালানো দরকার বলে ফজলুল হক আমিনী মন্তব্য করেছেন। এতে প্রমাণিত হয়, জামায়াত জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত।

তিনি জনগণকে এই দলটির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান এবং জোট সরকারের বেআইনি কর্মকাণ্ডের অবসানকল্পে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।