একটি দল ও কতিপয় বিদেশি শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে
প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সোমবার বলেন, একটি দল এবং কতিপয় বিদেশি শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র করছে।
নাম না উল্লেখ করে তিনি বলেন, ‘পার্শ্ববর্তী একটি দেশ বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের আসন্ন দাখিল পরীক্ষা উপলক্ষে অসদুপায় বন্ধের ব্যাপারে এক মত-বিনিময় সভায় তিনি বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
‘আমি জানতে পেরেছি যে, একটি বিদেশি শক্তি দেশের ২২টি উগ্রপন্থি সংগঠনকে পৃষ্ঠপোষকতা করছে এখানে বিশৃঙ্খলা আরও বাড়ানোর জন্য।’
তিনি আরও বলেন, ‘এটা চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।’
দেশের কওমি মাদ্রাসার বর্তমান শিক্ষাপদ্ধতির কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের স্বনির্মিত সিলেবাসের কারণে সরকারি পৃষ্ঠপোষকতার দ্বারা পরিচালিত মাদ্রাসা ও কওমি মাদ্রাসার মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে।
বিদ্যমান সমস্যার সমাধানে তিনি এ দু ধরনের মাদ্রাসার শিক্ষাপদ্ধতিকে একই ধারায় নিয়ে আসার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, শিক্ষা সচিব ড. ফারুক আহমেদ সিদ্দিকী এবং মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
