২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও মায়ানমার বন্দি বিনিময় করবে: বিডিআর-নাসাকা পতাকা বৈঠক

বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসেবে শিগগিরই বাংলাদেশে বন্দি ১৭৩ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হবে। বিনিময়ে মায়ানমারে বন্দি ৭৫ জন জেলেকে বাংলাদেশে ফেরত পাঠাবে ইয়াঙ্গুন কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

দেশের বিভিন্ন জেলে বন্দি মোট ১৭৩ জন মায়ানমার নাগরিককে গত কয়েকমাস ধরে কক্সবাজার জেলে জমা করা হয়। তবে কারাসূত্র জানায়, প্রথম ব্যাচে মোট ১১৫ জনকে ফেরত নিতে রাজি হয়েছে মায়ানমার কর্তৃপক্ষ।

এদিকে বিডিনিউজের কক্সবাজার প্রতিনিধি জানান, সোমবার টেকনাফে বন্দি বিনিময়ের বিষয়টি নিয়ে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার সাথে বিডিআরের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

টেকনাফ সড়ক ও জনপথ রেস্টহাউসে অনুষ্ঠিত এ বৈঠকে দু’দেশের সীমান্তে চোরাচালান রোধ ও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা  হয়।

বৈঠকে বিডিআর’র পক্ষে নেতৃত্ব দেন টেকনাফ বিডিআর’র অধিনায়ক ইব্রাহীম খলিল এবং মায়ান মারের ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংড়–র নাসাকার কমান্ডার অংক্রু।

বাংলাদেশের বিভিন্ন কারাগারে এছাড়াও আরো ৩০০ মায়ানমার নাগরিক সাজা কাটাচ্ছে। সাজার মেয়াদ শেষ হলেই তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে কারা সূত্র জানায়।

সম্প্রতি মায়ানমার পররাষ্ট্রমন্ত্রী নাইয়ান উইনের ঢাকা সফরের পর দুদেশের মধ্যে সৃষ্ট উষ্ণ সম্পর্কের সূত্র ধরেই এ বন্দি বিনিময় তরান্বিত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানায়।