খালেদা জিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রী হল হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নতুন ছাত্রী হল নির্মাণ করার উদ্যোগ গ্রহন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও কার্জন হলের পাশে ছাত্রী হল নির্মাণের জন্যে নির্ধারিত জায়গায় ইতোমধ্যে ‘খালেদা জিয়া হল’ নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন ছাত্রী হল নির্মাণের জন্যে সরকার সম্প্রতি কার্জন হলের পূর্ব পাশে রেলওয়ের প্রায় ২.৫৯ একর জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
সরজমিনে দেখা যায়, কার্জন হলের পূর্ব পাশে নির্মাণাধীন বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কমপ্লেক্স এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জন্যে বরাদ্দকৃত রেলওয়ের জমির মাঝখানে ‘খালেদা জিয়া হল’র জন্যে বরাদ্দকৃত জায়গার অবস্থান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাদ্দকৃত জায়গার দখল নিয়ে ইতোমধ্যে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। এখন তারা চারদিকে দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে টেন্ডারও আহ্বান করা হয়েছে।
সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪০ কোটি ২০ লক্ষ টাকার একটি বিশেষ উন্নয়ন প্রকল্পের অধীনে নতুন হলটি নির্মাণ করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, চলতি বছরেই নতুন ছাত্রী হলের নির্মাণ কাজ শুরু হবে। ছাত্রী হল নির্মাণের প্রস্তাবটি ইতোমধ্যে প্রি-একনেকে পাশ হয়েছে। একনেকে পাশের পর টাকা প্রাপ্তি সাপেক্ষে নির্মাণ কাজ শুরু হবে বলে সূত্র জানায়।
পরিকল্পনা অনুযায়ী সরকার থেকে প্রাপ্ত জায়গায় ছাত্রীদের জন্যে বহুতল ভবন ছাড়াও সেখানে প্রাধ্যক্ষের জন্য একটি দুই তলা বাংলো এবং আবাসিক শিক্ষকদের ফ্ল্যাট থাকবে।
খালেদা জিয়ার নামে নতুন ছাত্রী হল নির্মাণের উদ্যোগ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন।
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সঙ্গে বার বার চেষ্টা করেও কথা বলা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন ছাত্রী হলের নামকরণের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয় সিনেট হলের নামকরণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সিনেটের আগামী অধিবেশনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে। সাধারণত জুন মাসে সিনেটের বার্ষিক অধিবেশন বসে।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১৬ টি হল এবং পাঁচটি ছাত্রাবাস আছে। ছাত্রীদের জন্যে রয়েছে চারটি হল এবং একটি ছাত্রী নিবাস।
বিশ্ববিদ্যালয়ের হল ও ছাত্রাবাসগুলোর নামকরণ হয়েছে নিজ নিজ ক্ষেত্রে উজ্জল এ অঞ্চলের প্রয়াত রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিকদের নামে।
