২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭০ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

সরকারি কর্মকর্তাদের জন্য সরকার ১৭০ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 03:07 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

এতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১০০ টি উন্নতমানের পাজেরো, মন্ত্রীদের পিএস ও এপিএসদের জন্য ১০০ মাইক্রোবাস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ৪৫০টি জিপ কেনা হচ্ছে।

এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক গাড়ি সরবরাহ করতে পরিবহন পুল পর্যায়ক্রমে আরও গাড়ি কিনবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। পরিবহন পুলে পর্যাপ্ত গাড়ী না থাকায় এ উদ্যোগ নেয়া হয়েছে ।

সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সমাপ্ত প্রকল্পের গাড়ি পরিবহন পুলে জমা হওয়ার পর এসব গাড়ি দিয়েই চাহিদা পূরণ করা হতো। কিন্তু সমাপ্ত প্রকল্পের গাড়িগুলো বেশি পুরোনো হওয়ায় পুরো চাহিদা পূরণ করা সম্ভব হয়নি।

পরিবহন পুলের কমিশনার ওসমান গনি বিডিনিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রকল্পের যেসব গাড়ি জমা পড়েছে, তা অনেকাংশেই চলাচলের অযোগ্য। সচল গাড়ি পুলে জমা দেওয়ার কথা থাকলেও  অকেজো ও অচল গাড়িগুলো জমা হচ্ছে।

তিনি জানান, সম্প্রতি ২০০ গাড়ি পুলে জমা নিতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া যায়। তবে জমা নেওয়া হয়েছে ১৩০টি। জমা নেওয়া গাড়িগুলোর মধ্যে ৬০টি মেরামত করে র‌্যাবকে দেয়া হয়েছে। আরো ৭০টি অকেজো হলেও জমা নেওয়া হয়েছে। এর বাইরের ৭০টি গাড়ি একেবারেই অচল বলে জমা নেওয়া হয়নি।

সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সমাপ্ত প্রকল্পের ৩,৮৮৭ টি যান রয়েছে।

জানা যায়, ইউএনও’রা বর্তমানে যেসব গাড়ী ব্যবহার করছেন, তা উপজেলা চেয়ারম্যানদের জন্য কেনা হয়েছিল। অত্যন্ত পুরোনো এসব গাড়ি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় সরকারকে নতুন করে গাড়ি কেনার উদ্যোগ নিতে হচ্ছে।