নীলফামারী দলিল লেখক সমিতির অনির্দিষ্টকালের জন্যে কলমবিরতি
নীলফামারীর দলিল লেখক সমিতি রোববার থেকে অনির্দিষ্টকালের জন্যে কলমবিরতি কর্মসূচি গ্রহণ করেছে। দু‘জন দলিল লেখককে আহত করার সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান, চুরি যাওয়া দলিল উদ্ধার এবং দলিল চুরির সঙ্গে জড়িতদের শাস্তি প্রদানের দাবীতে তারা এ ধর্মঘট আহ্বান করেছে।
রোববার সকালে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক লিয়াকত আলী একটি দলিলের নকল নিতে গেলে নকলনবীশ ১০০ টাকার জায়গায় ৫ শত টাকা দাবি করে। এ নিয়ে দু‘জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন নকলনবীশ লিয়াকত আলীকে মারধোর করতে থাকে। এ দৃশ্য দেখে অপর দলিল লেখক আজহার আলী এগিয়ে এলে তাকেও পেটানো হয।
সমিতির সভাপতি আজিজুর রহমান বিডিনিউজকে বলেন, ২০০১ সালে স্টোর রুম থেকে ৭ শত ৪২টি দলিল চুরি হয়ে যায়। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তখন ১৮ জন নকলনবীশকে শাস্তিমূলক বদলী করা হয়। ৩ বছর পর তারা আবার যোগদান করায় সম্প্রতি চুরির প্রবণতা আবারও বেড়েছে।
