শ্লীলতাহানি মামলার আসামির বয়স ৬
ছয় বছরের শিশু ইমনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা এবং এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশের দু কর্মকর্তার বিরুদ্ধে শস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘটনায় যশোরে তোলপাড় শুরু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার সামনে রোববার সকালে শ খানেক লোক বিক্ষোভ করেছে। ঘটনা তদন্তে পুলিশের সিকিউরিটি সেলের এক কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ২ মার্চ যশোরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় আবুল কালাম শামসুদ্দিনের সাথে প্রতিপক্ষ এএস আ. রবের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শামসুদ্দিন রবের পরিবারের ৮ জনের নামে শ্লীলতাহানির মামলা করে। আসামিদের মধ্যে ছয় বছর বয়সী ইমনও ছিল।
ঘটনাটি পত্রপত্রিকায় প্রকাশিত হলে পুলিশ সদর দফতর থেকে কোতোয়ালি থানার এসআই খলিলুর রহমানকে সাসপেন্ড ও এএসআই হুমায়ুন কবিরকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
