লাঞ্ছিত বাংলাদেশী গৃহপরিচারিকা শারজার জেলে
একজন বাংলাদেশী গৃহপরিচারিকা আরব আমিরাতের শারজায় তার মালিক কর্তৃক লঞ্ছিত হওয়ার পর গত তিন মাস ধরে কারাগারে রয়েছেন এবং দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট হস্তান্তরের অপেক্ষা করছেন।
শারজার প্রতিরোধ ও সংশোধন কেন্দ্র সেলে বন্দি দিলু বেগম (৩০) নামে এই হতভাগ্য বাংলাদেশীর সাথে স্থানীয় সংবাদপত্র খালিজ টাইমস থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, বাংলাদেশের নারয়ণগঞ্জ থেকে হাউজ মেইড ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যান।
কাজে সন্তুষ্ট না হয়ে তার মালিক প্রায় প্রতিদিনই তাকে মারধর করত বলে দিলু বেগম পত্রিকাটিকে জানান।
তিনি বলেন, প্রতিদিন ১৬ ঘন্টা একটানা কাজ করতে হত। কিন্তু আমার মালিক আমাকে অভিযোগ করতো আমি অলস এবং ঠিক মত কাজ করি না।
আমি যে বাসায় কাজ করতাম সে বাসাটিতে মালিকের স্ত্রী এবং আরও সাত সন্তান ছিল। কোনও সাপ্তাহিক ছুটি ছাড়াই দিলুকে রান্না, পরিস্কার পরিচ্ছন্নতা এবং ছোট শিশুদের দেখাশুনার কাজ করতে হত। সে যদি নিত্য দিনের কোনও কাজ যথাসময়ে করতে ব্যার্থ হত তাহলে তার গৃহকর্তা বেল্ট অথবা লঠি দিয়ে তাকে আঘাত করত এবং দেশে ফেরত পাঠানোর হুমকি দিত।
তিনি বলেন, একদিন মধ্যরাতে আমি ওই বাসা থেকে পালিয়ে যাই এবং একজন ট্যাক্সি ড্রাইভারের সহায়তায় শারজার আবকু শাগারা এলাকায় পৌঁছাতে সক্ষম হই। সেখানে একটি এপার্টমেন্টে আরেকটি মেয়ের সঙ্গে থাকতে শুরু করি। কিন্তু হঠাৎ একদিন পুলিশ এসে আমার কাছে কাগজপত্র দেখতে চায়। কিন্তু আমার কাগজ পত্র মালিকের কাছে থাকায় তারা আমাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। গত তিন মাস দেশে আমি ফিরে যাওয়ার জন্য দিন গুনছি।
বাংলাদেশ কনস্যুলেট অফিসের ফার্স্ট কাউন্সেল মুস্তাফা রিজওয়ান খালিজ টাইমসকে বলেন, বিদেশে এসে বাংলাদেশীদের এভাবে যাতে হয়রানির শিকার হতে না হয় সে লক্ষ্যে বাংলাদেশ সরকার যথেষ্ট সজাগ থাকা সত্ত্বেও দিলু বেগমের মতো এমন আরো অনেক ঘটনার খবর আমাদের হাতে পৌঁছায়।
