২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাভাষী ভারতীয়দের পুশ-ইনের চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্ত দিয়ে ভারতের নওদাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা দুই শ জন বাংলাভাষী ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা রোববারও অব্যাহত রাখে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 07:05 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সোনামসজিদ সীমান্ত সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টা শুক্র ও শনিবার পরপর দুদিন ব্যর্থ হওয়ার পর বিএসএফের সদস্যরা ১০৫ জন বাংলাভাষী ভারতীয় মহিলা নাগরিককে মালদহ জেলার ইংলিশ বাজার থানা চত্বর এলাকায় জড়ো করে রেখেছে।

সূত্র আরও জানায়, বিএসএফের গোয়েন্দা শাখা ডিআইবি জড়োকৃত ভারতীয় নাগরিকদের শিয়ালমারা, কামালপুর ও ভোলাহাট সীমান্ত দিয়ে যেকোনও মুহূর্তে পুশইনের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে।

অন্যদিকে ৬ রাইফেলস ব্যাটালিয়নের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির বিডিআর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। গত তিন দিন ধরেই শিবগঞ্জের আজমতপুর সীমান্ত থেকে কামালপুর সীমান্ত পর্যন্ত কয়েক কি.মি. এলাকায় বিডিআর স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে।