পঞ্চগড়ে যৌতুকের জন্য ৮ মাসের অন্তসত্ত্বা স্ত্রীর ওপর নির্যাতন
একটি মোটর সাইকেল এবং ১২ হাজার টাকা যৌতুকের জন্য এখানে অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে আট মাসের অন্তসত্ত্বা এক গৃহবধূকে। নির্যাতিতাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেয়া হয়নি। অবশেষে পুলিশের সহায়তায় স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে তাকে ভর্তি করা হয় পঞ্চগড় সদর হাসপাতালে।
জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার জমভিটা গ্রামের হোসেন আলীর মেয়ে হাসনা হেনা (২৫)র সাথে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউপি’র ছোবারভিটা গ্রামের হাফেজ আলীর ছেলে লতিফের বিয়ে হয় ৫ বছর আগে। বিয়ের সময় যৌতুক হিসেবে ৫০/৬০ হাজার টাকার মালামাল দেয়া হয়। বিয়ের এক বছর পর থেকেই যৌতুকলোভী স্বামী লতিফ স্ত্রী হাসনা হেনাকে টাকা আনার জন্য বাবার বাড়ী পাঠাতে থাকে। না আনলেই নেমে আসতো চরম নির্যাতন। নির্যাতনে গর্ভের দু’টি সন্তান মারা যায়।
বর্তমানে সে ৮ মাসের অন্তসত্ত্বা। গত এক সপ্তাহ আগে হাসনা হেনাকে ১টি মোটর সাইকেল ও ১২ হাজার টাকা আনার জন্য বাবার বাড়ী পাঠানো হয়। টাকা না পেয়ে ২৫ ফেব্র“য়ারি সে স্বামীর বাড়ী ফিরে গেলে তার উপর শুরু হয় নির্যাতন। বাঁশের লাঠি দিয়ে বেদম প্রহার করা হয় অন্তসত্ত্বা স্ত্রীকে। আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় তার শরীর। এই চিত্র দেখার জন্য লতিফ তার স্ত্রীর বড় ভাই করিমকে মোবাইল ফোনে ডেকে পাঠায়। তাকে বলা হয় মোটর সাইকেল ও টাকা না দিলে তার ওপর আরো ভয়াবহ নির্যাতন চালানো হবে। চিকিৎসার জন্য তাকে আনতে চাইলেও দেয়া হয়নি। পরে বাধ্য হয়ে তারা বিষয়টি এএসপি সার্কেলকে অবহিত করে। পরবর্তীতে গত ২৮ ফেব্র“য়ারি বোদা থানা পুলিশ হাসনা হেনাকে স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
গত শনিবার সে জানায়, দীর্ঘ ৪ বছর যাবত যৌতুকের জন্য তাকে তার স্বামী, শ্বশুর ও ভাসুর নির্যাতন করে আসছে। সে জানায়, ঘটনার দিনে তার ওপর অকথ্য নির্যাতন চালানো হয়। সে তার নির্যাতনের চিহ্নের স্থানগুলো সাংবাদিকদের দেখায়। সে আরো জানায়, স্বামীর বাড়ী গেলে তারা আমাকে প্রাণে মেরে ফেলবে।
