২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাছের আড়ৎ ভেঙ্গে দিয়েছে প্রশাসন

সিরাজগঞ্জ জেলা প্রশাসন হাটিকুমরুল-সিরাজগঞ্জ রোড বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির আড়ৎ গুড়িয়ে দিয়েছে। ফলে, এখানকার মৎস্য ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে বসতে বাধ্য হচ্ছে এবং কয়েক‘শ মৎস্য ব্যবসায়ী বেকার হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

প্রশাসন বলেছে, মাছের এ আড়ৎটি অবৈধ ছিল। কিন্তু আড়তের মালিকরা বলছেন, সমবায় অফিস থেকে রেজিষ্ট্রেশন নিয়ে এবং মন্ত্রীর সুপারিশে তারা মাছের আড়ত চালাচ্ছিলেন।

চলনবিল, পাবনা, নাটোর,নওগাঁ এবং বগুড়া জেলার মৎস্যজীবিরা সিরাজগঞ্জ রোডের উক্ত আড়ৎটিতে মাছের ব্যবসা করতেন।

আড়তদার মজিবর পৈতৃক সূত্রে ১৭ শতাংশ জমি পান এবং তার এ জমিতেই মাছের আড়ত খোলা হয়।

মজিবরের পক্ষ থেকে সিরাজগঞ্জ জজ আদালতে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়। আদালত ১ মার্চ জেলা প্রশাসকসহ প্রশাসনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

কিন্তু প্রশাসন অবৈধ বাজার উচ্ছেদের অজুহাতে ২ মার্চ মাছের আড়ৎ ভেঙ্গে ফেলে। ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলমের নেতৃত্বে বাজারটি উচ্ছেদ করা হয়। তিনি বলেন, ১৩৬২ ও ১৩৬৩ দাগের ওপর মাছের আড়ৎ বসানোর কোনও অনুমোদন ছিল না বলেই উচ্ছেদ করা হয়েছে।

আড়ৎ কমিটির সভাপতি সানোয়ার হোসেন বলেন, প্রশাসন অবৈধভাবে অন্যের প্ররোচনায় বাজার উচ্ছেদ করে মৎস্য ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করেছে।

হাটিকুমরুল ইউপি সদস্য ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জানান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সুপারিশে এবং সমবায় অফিসের রেজিষ্ট্রেশন নিয়েই ব্যবসা চলছিল। কিন্তু প্রশাসন বিনা কারণে মাছের আড়ৎটি উচ্ছেদ করল।