ক্রসফায়ারে গণবাহিনীর আঞ্চলিক নেতা ছাত্তার নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ ও দু’দল চরমপন্থীর মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধে গণবাহিনীর আঞ্চলিক নেতা ছাত্তার নিহত হয়েছে। ঘটনার সময় দুইজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়।
শুক্রবার ভোর ৪টার দিকে কুমারখালী উপজেলার কাচিকাটা ব্রীজের সন্নিকটে কুশলীবাসা মাঠের মধ্যে এ ত্রিমুখী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ১টি বিদেশী বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, দু’দল চরমপন্থী বন্দুকযুদ্ধে লিপ্ত এ রকম সংবাদ পেয়ে কুমারখালী থানা পুলিশ সেখানে উপস্থিত হলে পুলিশের সাথে ত্রিমুখী বন্দুকযুদ্ধ চলাকালে ক্রসফায়ারের এ ঘটনা ঘটে।
ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলাকালে কুমারখালী থানার একজন এসআই ও একজন কনষ্টেবল আহত হয়।
পুলিশ জানায়, মোস্টওয়ান্টেড ছাত্তারের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ ১০টি মামলা রয়েছে।
গতকাল সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
তবে এলাকাবাসী সুত্রে জানা যায়, ছাত্তারকে গ্রেফতারের পর পুলিশী হেফাজতে ছিল। ওই রাতে উক্ত এলাকায় কোন বড় ধরণের সংঘর্ষের আওয়াজ বা কোন গোলাগুলির আওয়াজ পাওয়া যায়নি। ভোরের দিকে কয়েকটি গুলির আওয়াজ শোনা গেছে বলে তারা জানায়।
এই নিয়ে গত সাত মাসে কুষ্টিয়ায় পুলিশ-র্যব-যৌথবাহিনীর কথিত বন্দুকযুদ্ধ ও ক্রসফায়ারে ৩৬ জন চরমপন্থী সন্ত্রাসী নিহত হলো।
