২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলটেবিল বৈঠকে অসহিষ্ণুতার রাজনীতি পরিহার করার আহ্বান

তত্বাবধায়ক সরকারের সংস্কার, নির্বাচন পদ্ধতি: সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকগণ রাজনীতিকদের প্রতি সংঘাত ও অসহিষ্ণুতার রাজনীতি পরিহার করে পরমত সহিষ্ণুতা ও সৌহার্দের রাজনীতি চর্চা করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

প্রজন্ম একাডেমী শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন এতে সভাপতিত্ব করেন। মূল নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আতাউর রহমান।

আলোচনায় অংশগ্রহণ করেন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত, বিজেপি’র গোলাম সারোয়ার মিলন, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আব্দুল মবিন, জাতীয় লীগের মিরাজ আব্বাসী, আইন সমিতির শেখ আলী আহমেদ খোকন, তাঁতী দলের মুখলেসুর রহমান, অধ্যাপক সিরাজুল হক আলো।

আলোচকগণ বলেন, তত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ‘প্রধান বিচারপতি’র একটি নির্দিষ্ট পদে আসীন ব্যক্তির কথা উল্লেখ থাকায় পদটির প্রতি মোহের সৃষ্টি হয়েছে। সরকার প্রধান বিচারপতিসহ আপীলেট ডিভিশনে জ্যেষ্ঠতম বিচারপতিকে ডিঙিয়ে কনিষ্ঠতম বিচারপতিকে নিয়োগ করছে।

তারা বলেন, সরকার তাদের পছন্দের ব্যক্তিকে তত্বাবধায়ক প্রধান করতে বিচারকদের বয়স সীমা বৃদ্ধি করেছে। তাই এ পদ্ধতির সংস্কার করে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা নিয়োগের বিধান করা দরকার।

জবাবে আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ বলেন, বিচারপতিদের বয়স বৃদ্ধির সাথে তত্বাবধায়ক সরকারের কোন সম্পর্ক নেই। তত্বাবধায়ক সরকার সংবিধানের একটি অংশ। নির্বাচনে জয়-পরাজয়ের ওপর ভিত্তি করে সংবিধান পরিবর্তন করা যাবে না। সংবিধান ও আইনের কাঠামোর মধ্যে থেকেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিরোধী দল তত্বাবধায়ক সংস্কারের দাবি তুলে শাসনতান্ত্রিক জটিলতার সৃষ্টি করছে। সংবিধানে অটল থেকে এ পদ্ধতির মধ্যেই নির্বাচন করতে হবে। অস্থিতিশীলতা বাড়িয়ে কিছু করা যাবে না।

তিনি বিরোধী দলকে সংসদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদে আসুন আলোচনা করুন। নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে আলোচনা করেই সমস্যার সমাধান করা যাবে।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা নিরপেক্ষ ব্যক্তি বলতে শিশু ও পাগলের নাম বলেছে, তারাই তত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছে। এতে অনেক ত্র“টি রয়েছে। একটি চলমান প্রক্রিয়ার মাধ্যমেই এ ত্র“টি নিরসন করা সম্ভব।

তিনি বলেন, তত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। বিগত তত্বাবধায়ক সরকার ক্ষমতা বহির্র্ভূত বিষয়ে হস্তক্ষেপ করে এ ব্যবস্থাকে বিতর্কিত করেছে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান ব্যবস্থায় নির্বাচন কমিশনের কোন ক্ষমতা নেই। নির্বাচনী কিছু আইনও অচল হয়ে পড়েছে। এর সংস্কার করে নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।