বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের তীব্র আবাসন সংকট
দেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে তীব্র আবাসন সংকট বিরাজ করছে। এর ফলে বহু ছাত্র বিশেষ করে নতুন ছাত্ররা হলগুলোতে সিট পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তায় রয়েছে। এই সমস্যা দিনে দিনে বাড়ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ১৯টি সরকারী বিশ্ববিদ্যালয়ের ৪৩ দশমিক ২৫ শতাংশ ছাত্রছাত্রী আবাসন সুবিধা পাচ্ছে।
হলে সিট না পাওয়ায় বাকী ৫৬ দশমিক ২৫শতাংশ ছাত্রছাত্রী ক্যাম্পাসের পাশের ভাড়া বাড়িতে উঠতে বাধ্য হচ্ছে।
শুধু ছাত্ররাই নয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আবাসন সংকটের মুখোমুখি। মাত্র ৩১ দশমিক ২৪ শতাংশ শিক্ষক, ২৪ দশমিক ৩২ শতাংশ কর্মকর্তা এবং ৩৭ দশমিক ৫০ শতাংশ কর্মচারী বাড়ি পাচ্ছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে আরো বলা হয়েছে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও একই সমস্যার মুখোমুখি। এখানকার ৩৬ শতাংশের বেশি ছাত্র-ছাত্রী হলে সিট পাচ্ছে না। প্রতিবেদন অনুযায়ী দেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী সংখ্যা ১০৪,৭৩৬ ( জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যতীত)। তাদের মধ্যে ৪৬,২৫৫ জন ছাত্রছাত্রী হলে সিট পেয়েছে (৪৩ দশমিক ২৫ শতাংশ)।
সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট সর্বাধিক। এখানকার মাত্র ১৫শতাংশ ছাত্রছাত্রী হলে সিট পেয়েছে আর বাকীরা ক্যাম্পাসের পাশ্ববর্তী এলাকায় মেস বা ভাড়া বাড়িতে বাস করছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও একই মাত্রায় আবাসন সমস্যার মুখোমুখি। ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ২২ ও ২৬ শতাংশ ছাত্রছাত্রী হলে সিট পেয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ২৭ শতাংশ ছাত্রছাত্রী হলে সিট পেয়েছে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩৫শতাংশ ছাত্রছাত্রী হলে সিট পেয়েছে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর চিত্রও প্রায় একই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবাসনের হার যথাক্রমে ৩২, ৪২, ৪৬ এবং ৬১ শতাংশ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী অন্য ৭টি বিশ্ববিদ্যালয় - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংকট নেই।
বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সূত্র জানায়, অধিকাংশ ছাত্রছাত্রী যথা সময়ে শিক্ষাজীবন সমাপ্ত করতে না পারায় ছাত্রদের মাঝে আবাসন সংকট দেখা দিয়েছে। এছাড়া প্রতি বছরই প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি করা হচ্ছে।
সেশন জটকে এর জন্য দায়ী করে প্রতিবেদনটিতে যথাসময়ে পরীক্ষা গ্রহণের ওপর জোর দেয়া হয়।
