গণপিটুনিতে নগরীতে নিহত ১ আহত ৩
রাজধানীর শ্যামপুর এলাকায় শুক্রবার দুপুরে গণপিটুনিতে এক যুবক নিহত এবং অপর তিনজন গুরুতর আহত হয়। নিহতের নাম কবীর (১৭) এবং আহতরা দুলাল (২৪), তুহিন (২২) এবং মুহিদ (২০)।
শ্যামপুর থানার এসআই আখতারুজ্জামান বলেন, ঢাকা ম্যাচ ফ্যাক্টরির পার্শ্ববর্তী একটি দোকানে চুরির চেষ্টাকালে কবীরকে ফ্যাক্টরির শ্রমিকরা হাতেনাতে ধরে ফেলে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তারা কবীরের তিন সহযোগী দূলাল, তুহিন ও মুহিদকে ধরে তাদের সবাইকে বেদম প্রহার করে।
পুলিশ প্রহৃত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নিয়ে গেলে শুক্রবার দুপুরে কবীরের মৃত্যু হয়। কবীরের সহযোগীদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র অবশ্য বলেছে, আহত ব্যক্তিদের সেখানে দুইবার আনা হয়। সকাল ৮টায় একবার তাদের আনা হলে চিকিৎসার পর পুলিশ আহতদের পিক-আপে করে নিয়ে যায়।
পুলিশ আবার তাদেরকে ডিএমসিএইচে নিয়ে আসে দুপুর ১২টার দিকে যখন কবীরের মৃত্যু হয়।
নিহত কবীরের মা জাহানারা অভিযোগ করেন স্টিল মিলে কর্মরত তার ছেলেকে জনৈক ‘সিঙ্গেল সালাম’ হত্যা করেছে।
পরে তিনি কয়েকজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
অবশ্য পুলিশ এ ব্যপারে কাউকে গ্রেপ্তার করেনি।
