মালয়েশিয়া থেকে প্রায় ২০০ বাংলাদেশী ঢাকায় ফিরেছে, আপডেট
মালয়েশিয়া থেকে অবৈধ প্রায় ২০০ বাংলাদেশী অভিবাসী বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছে। জিয়া বিমানবন্দরে রাতে আমিরাত এয়ারলাইন্সে ১৭০ জন, বাংলাদেশ বিমানে ১৫ জন ফেরে। এছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্সে আরও ১৫ থেকে ২০ জন ফেরার পথে।
প্রত্যাবর্তনকারীরা বিডিনিউজকে জানান, মালয়েশিয়ান সরকার অবৈধ অভিবাসীদের গত ২৮ ফেব্র“য়ারি রাত ১২টা পর্যন্ত সেদেশে বসবাসের সময়সীমা বেধে দেয়। দেশে ফেরত আসা বাংলাদেশীরা ওইদিন রাত ১২টার আগেই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয়। টিকিট না পাওয়ায় তারা এই চারদিন নাওযা-খাওয়া ছাড়াই বিমানবন্দরে অবস্থান করে।
মালয়েশিয়া ফেরত নজরুল ইসলামের বাড়ি মাদারিপুরের রাজৈরের খালিয়া ইউনিয়নে। তিনি জানান, সে দেশে ১০ বছর ধরে তার বসবাস। কিন্তু তিন বছর আগে তার ওয়ার্ক পারমিট ফুরিয়ে গেছে। সে দেশের সরকারের ঘোষণায় এখন তাকে বাধ্য হয়ে দেশে ফিরতে হলো।
তিনি জানান, গ্রেফতার এড়াতে তারা দল বেধে ২৮ তারিখ রাত ১২টার আগে কুয়ালালামপুর বিমানবন্দরে আশ্রয় নেন। কিন্তু বিমানবন্দরেও গ্রেফতারের আশংকা থাকায় তারা কেউ দলছুট হননি।
তিনি অভিযোগ করেন, তাদের সমস্যা জানানোর জন্য তিনি সে দেশে বাংলাদেশ দূতাবাসে টেলিফোন করেন। কিন্তু দূতাবাস তাদের কথা আমলে নেয়নি। বরং উল্টো তাদেরকে উপহাস করা হয়।
নজরুল ইসলাম বলেন, ‘আমি ১০ বছর পর দেশে ফিরে এখন রাস্তা-ঘাট কিছুই চিনছি না। কিভাবে বাড়ি ফিরবো, তা জানি না। বিনা নোটিশে দেশে আসায় বাড়ির লোকজনকে কিছুই জানাতে পারিনি।’
তিনি বলেন, ‘আমার কাছে বেশ কিছু টাকা-পয়সা আছে। পথে আবার না কোনো বিপদ হয়, এ ভয়ও আছে!’
এদিকে জিয়া বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের গ্রহণ করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।
বিমানবন্দর থানার ওসি এমএ হানিফ জানান, মালয়েশিয়া থেকে অভিবাসীরা ফেরত আসবেন বলে তিনি শুনেছেন। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
