২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মার্চ থেকে এসএসসি পরীক্ষা শুরু

আগামী ১০ মার্চ সারাদেশে সাতটি বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে । এ বছর এসএসসি পরীক্ষায় গত দু’বছরের চেয়ে অনেক কম সংখ্যক পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

শিক্ষা মন্ত্রনালয়ের একটি সূত্র জানায়, এ বছর মোট  ৭,৫৯,৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০০৪ সালে এ সংখ্যা ছিল ৭,৬১,৯৬০ এবং ২০০৩ সালে ছিল ৯,৩৩,০০০ জন।

সূত্র জানায়, কড়াকড়ি করার কারণে গত কয়েক বছরে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে। টেস্ট পরীক্ষায় ভাল ফলাফল না করে কেউ এসএসসিতে অংশ নিতে পারবে না এমন নিয়ম করার ফলে পরক্ষীর্থীর সংখ্যা কম।

এবার ঢাকা বোর্ডে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২,১৯,৫৬৭ জন, রাজশাহীতে ২,০৬,১৭৯ জন ও কুমিল্লা বোর্ডে ৮৭,০২১ জন। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ৫৮,৮০৮ জন যশোর বোর্ডে ১,০৪,২৫১ জন, বরিশালে ৫৪,২১৯ এবং সিলেট বোর্ডে ২৯,৩৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এছাড়া একই সাথে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের পরীক্ষাও আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে।

শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন বিডিনিউজকে বলেন, পরীক্ষা হলে কোনো পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করলে তাকে বহিস্কারসহ পুলিশে হস্তান্তর করা হবে। এছাড়া কোনো শিক্ষক-কর্মচারী নকরে সহায়তা করলে তাদের বহিস্কার করাসহ পুলিশে হস্তান্তর করা হবে।