বাংলাদেশ সশস্ত্রবাহিনীর কৃতজ্ঞতা প্রকাশ
কঙ্গোতে নিহত নয় বাংলাদেশী শান্তিরক্ষীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর জন্য সমগ্র দেশবাসী, প্রবাসী বাংলাদেশী এবং গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সশস্ত্রবাহিনী।
এ নয় সেনার মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মার্চ জাতীয় শোক দিবস পালন করা হয়। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সশস্ত্রবাহিনী যথাযথ ভাবগম্ভীর্যের সাথে এ দিবস পালন করায় দেশবাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশমাতৃকার নয় বীরসেনার অকাল মৃত্যুতে দেশবাসীর এ সমবেদনা ও একাত্মতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যের মনোবলকে আরও জোরদার ও উজ্জীবিত করার পাশাপাশি দেশ এবং জাতির প্রতি দায়িত্ববোধ ও বিশ্বশান্তি রক্ষায় তাঁদের অঙ্গীকারকে সুদৃঢ় করবে।
