হরতালের বিকল্প খুঁজছে ইউএনডিপি
ইউএনডিপি হরতালের বিকল্প প্রস্তাব সম্বলিত একটি প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছে। আগামী ১০ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের প্রতিবেদন উপস্থাপন করবে।
ইউএনডিপির মুখপাত্র লিসা হিলার বিডিনিউজকে বলেন, ‘এ প্রতিবেদনের শিরোনাম দেয়া হয়েছে, বিয়ন্ড হরতাল: টুয়ার্ডস ডেমোক্র্যাটিক ডায়লগ ইন বাংলাদেশ। ১০ মার্চ বিকাল তিনটায় হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হবে।’
তিনি বলেন, ‘এ প্রতিবেদনে হরতালের ইতিহাসের ওপর আলোকপাত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ তথা এ জাতি কিভাবে হরতালের সাথে পরিচিত হল, অর্থনীতি, সমাজ্জীবন, শিক্ষা, চিকিৎসা ও রাজনীতিতে হরতালের প্রভাবের ওপর আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনটিতে আন্দোলনের হাতিয়ার হিসেবে হরতালের বিকল্প কি হতে পারে তা নিয়ে প্রস্তাবনা থাকছে।’
প্রতিবেদনটি তৈরির কাজ শুরু হয় ২০০৩ সালে। বহুল আলোচিত ইস্যুগুলো নিয়ে স্থানীয় বিশেষজ্ঞদের লেখার মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বিষয়ভিত্তিক অধ্যায়গুলো লিখেছেন দেশের বিশেষজ্ঞরা। প্রতিবেদন তৈরিতে সার্বিক সহায়তায় ছিল ইএনডিপি।
ইএনডিপির ঢাকাস্থ যোগাযোগ কর্মকর্তা লিসা হিলার বলেন, ‘নতুন কোনও বিকল্প ব্যাবস্থা নেই, কিন্তু তারা সম্ভাব্য করণীয় খুঁজে বের করেছেন।’
এ প্রতিবেদন প্রকাশের আগে ইউএনডিপি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও দাতা দেশের সদস্যদের সাথে মতবিনিময়ের জন্য ১০ মার্চ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। পরবর্তী সময়ে কয়েক পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশেষজ্ঞ, সামাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও দাতাদের সাথে প্রতিবেদন চূড়ান্ত করার ব্যাপারে পরমর্শ করা হবে।
হরতাল মূলত গুজরাটি শব্দ। কোনও দাবি বাস্তবায়নের লক্ষ্যে দোকানপাট বন্ধ রাখা বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।
ব্যবসাসংক্রান্ত একটি পরিভাষা হওয়া সত্ত্বেও ১৯২০ থেকে ১৯৩০ সালের মধ্যে এটি রাজনৈতিক পরিভাষা হয়ে যায়। ভারতের জাতীয় নেতা মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সাধারণ ধর্মঘটের ডাক দেন। তিনি সেটিকে ‘হরতাল’ হিসেবে অভিহিত করেন।
বাংলাদেশে হরতাল সাংবিধানিকভাবে পরিচিত একটি পদ্ধতি যা যে কোনও দাবি বাস্তবায়নকল্পে ডাকা হয়ে থাকে।
স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদের পদত্যাগ দাবিতে ১৯৮২ থেকে ১৯৯১ পর্যন্ত বারবার হরতাল আহ্বান করা হয়। পরবর্তী সময়ে খালেদা জিয়ার সরকারকে একটানা হরতালের ডাক দিয়ে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ মারাত্মক চাপের মধ্যে ফেলে দেয়।
ঠিক একই ভাবে শেখ হাসিনার সরকারকেও হরতালের রাজনীতির মুখোমুখি হতে হয়েছে।
বাংলাপিডিয়ার লেখক সিরাজুল ইসলামের মতে, ‘প্রত্যেক ক্ষমতাশীল সরকারই হরতালকে খারাপ চোখে দেখে এবং জনগণের একটা বিশাল অংশ হরতালকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখে থাকেন, এছাড়া হরতালের ব্যাপারটি ঔপনিবেশিক সময় থেকেই চলে আসছে। যদিও আধুনিক জাতীয়তাবাদী রাষ্ট্রের সাথে এটি অসঙ্গতিপূর্ণ।’
পিআইবি থেকে প্রকাশিত সাংবাদিক অজয় রায়ের গবেষণা অনুসারে, ‘ স্বাধীনতা উত্তর বাংলাদেশের তিরিশ বছরে গড়ে সাড়ে তিন বছরই হরতাল ছিল।
হরতাল বন্ধের ব্যাপারে আইন প্রণয়নের জন্য বারবার দাবি উঠলেও বরবরই বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার বিরোধিতা করে এসেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ১৩ ফেব্র“য়ারি সংসদ অধিবেশনে বলেন, কেবল জাতীয় সংসদের দাবির পরিপ্রেক্ষিতেই এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। যদিও ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট হরতাল কর্মসূচি বন্ধের ব্যাপারে একটি আদেশ জারি করেছে।
হরতাল বন্ধের বিরোধী মওদুদ আহমেদ হরতাল নিষিদ্ধ করাকে ‘মৌলিক মানবাধিকার বিরোধী’ হিসেবে উলে¬খ করে বলেন, জনগণের স্বার্থেই হরতাল বন্ধ হওয়া দরকার, কারণ হরতালের নামে ধ্বংসাত্মক কার্যক্রম গ্রহণযোগ্য নয়।’
২০০১ সাল থেকে ক্ষমতায় আসার পর বর্তমান সরকারকে কমপক্ষে ৪৮ টি হরতালের মুখোমুখি হতে হয়েছে।
