২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্রাসকৃত কলচার্জের নামে গ্রামীণ ফোনের কারচুপি

গ্রামীণ ফোন হ্রাসকৃত কলচার্জ চালুর নামে দৃশ্যত কৌশলে বড় ধরণের কারচুপি করেছে গ্রাহকদের সাথে। গ্রাহকরা একে বলছেন, স্রেফ প্রতারনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বিভিন্ন হিসেবে দেখা গেছে যে, নতুন কল চার্জ সুবিধা না নিয়ে গ্রাহক আগের ব্যবস্থায় থেকে ৩০০ টাকার একটি প্রি পেইড কার্ড ব্যবহার করে ‘মাই চয়েসের’ চেয়ে অধিক সময় কথা বলতে পারবে। 

খোঁজ নিয়ে জানা যায়, সদ্য ঘোষিত মাই চয়েস কর্মসূচির আওতায় গ্রামীণ ফোন যে রেয়াতি শুল্কের কথা ঘটা করে ঘোষণা করছে, তাতে একজন গ্রাহক নতুন একটি কার্ড কিনে এসএমএস করলে তা থেকে গ্রামীণ ২৫ টাকা কেটে নেবে। তারপর গ্রাহক পেতে শুরু করবে রেয়াতি শুল্ক সুবিধা। এই গ্রাহক একমাস ব্যাপী গ্রামীণের যে কোন মোবাইল ফোনে ৪ টাকা ৫০ পয়সা খরচ করে ফোন করতে পারবেন। কিন্তু এই বিষয়গুলো গোপন রাখা হয়েছে।

জানা যায়, আসলে এই হিসেবে রয়েছ শুভঙ্করের ফাঁকি। নতুন মাই চয়েস সুবিধায় রেজিস্ট্রেশনের জন্যে এসএমএস করলে গ্রামীণ ফোন এসএমএস চার্জ বাবদ ২ টাকা কেটে নেবে। আর মাই চয়েস সার্ভিসে রেজিস্ট্রেশনের জন্যে নেবে আরো ২৫ টাকা। এই অর্থের জন্যে প্রদেয় ভ্যাটের পরিমাণ ৪ টাকা ৫০ পয়সা। তাও একই সময়ে কার্ড থেকে কেটে নেওয়া হবে।

এই হিসাব অনুসারে, মাই চয়েস সুবিধার জন্যে প্রতি মাসে একজন গ্রাহককে দিতে হচ্ছে, ৩১ টাকা ৫০ পয়সা (২৫টাকা+২টাকা+ ৪টাকা৫০পয়সা) টাকা। একটি ৩০০ টাকার কার্ডে বাকি যে অর্থ থাকছে তার পরিমাণ হচ্ছে ২৬৮টাকা ৫০পয়সা। ৪টাকা ৫০পয়সায় ফোন করলে তাতে ভ্যাট হিসাবে কাটবে ০ দশমিক ৬৭৫টাকা। এ জন্য দেখা যাচ্ছে প্রতি কল দাঁড়াচ্ছে ৪টাকা ৫০পয়সা+০দশমিক ৬৭৫টাকা= ৫দশমিক ১৭৫টাকা। ২৬৮টাকা ৫০ পয়সায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫১ মিনিট ৪০ সেকেন্ড কথা বলতে পারবেন।

জানা যায়, অথচ প্রচলিত গ্রামীণ ট্যারিফের সাথে তুলানামূলক বিশে¬ষণ করে দেখা যাচ্ছে, আগে ভ্যাটসহ কল চার্জ ছিল ৬ টাকা ৯০ পয়সা। ৩০০ টাকা ভাগ ৬ টাকা ৯০ পয়সা = ৪৩ মিনিট ৪৭ সেকেন্ড কথা বলা যেতো। কিন্তু মাই টাইম বা মাই ইজিতে ২ দিনে একটা কল করলেও মাসে আরও ১৫টি কল করা যায়। এই কলের প্রতিটিতে এক মিনিট করে কথা বললে চার্জ হয় ৪৫ টাকা। অর্থাৎ আগের ব্যবস্থায় ৩০০ টাকার কার্ড ব্যবহার করে একজন গ্রাহক ৫৮ মিনিট ৪৭ সেকেন্ড কথা বলার সুযোগ পেতেন। বর্তমানে একটি ৩০০ টাকার কার্ডে ৫১ মিনিট ৪০ সেকেন্ড কথা বলার সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে গ্রামীণ ফোনের মহাব্যবস্থাপক (জনসংযোগ) ইয়ামিন বখতের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।