থার্টি ফার্স্ট নাইটে ঢাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি থাকবে
ইংরেজি নববর্ষ ২০০৬ সালকে স্বাগত জানানো উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকালে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার রাস্তায় কড়া পাহারায় নিয়োজিত থাকবে।
ওই রাতে যাতে কেউ মদ্যপ অবস্থায় রাস্তায় বের হতে না পারে সেজন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
এছাড়া রাস্তায় কেউ মদ্যপ অবস্থায় বের হয়েছে কিনা তা পরীক্ষা করতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ডাক্তারদের বেশ কয়েকটি ভ্রাম্যমান টিম নিয়োজিত থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অ্যালকোহল জাতীয় পানীয় ও মাদকের মজুদের খোঁজে র্যাব ও পুলিশ সদস্যরা বুধবার নগরীর বস্তি ও হোটেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়।
মন্ত্রণালয় এর আগে সিদ্ধান্ত নিয়েছিলো যে, নববর্ষ উদযাপনের সময় ঢাকাসহ দেশের সকল বার বন্ধ থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে।
বৈঠকে আসন্ন ইদুল আজহা উদযাপনের ব্যাপারেও আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, ঢাকা আসার পথে গরু ছাগল ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজির শিকার না হয় তা নিশ্চিত করতে র্যাব ও হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ঈদের সময় বাস ও লঞ্চ মালিকরা যাতে অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্যে নগরীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, পুলিশের আইজি আব্দুল কাইয়ুম, র্যাবের ডিজি আব্দুল আজিজ সরকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান, বিডিআর ও আনসারের ডিজি এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, এ বছর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবসহ অন্যান্য বাহিনী খুবই ভালো করেছে এবং গত বছরের তুলনায় এবার অপরাধমূলক কর্মকাণ্ডের হারও ছিলো কম।
তিনি বলেন, কৃতিত্বপূর্ণ নৈপূণ্য দেখানোর জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় র্যাব ও পুলিশের ১৭ সদস্যকে পুরস্কৃত করেছে।
এছাড়াও জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানি, মুফতি হান্নানকে গ্রেপ্তার এবং বিস্ফোরক ও জেহাদী বইসহ অন্যান্য সামগ্রী উদ্ধারের জন্যে বেশ কিছু কর্মকর্তাকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
