২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে আ’লীগের মিছিলে বিএনপি’র হামলায় কেন্দ্রীয় নেতাসহ আহত ২০

গাজীপুর জেলার কালীগঞ্জে মঙ্গলবার দুপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলে বিএনপি’র ক্যাডারদের হামলায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকতার উজ্জামানসহ ২০ নেতা-কর্মী ও পুলিশ আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুৎ, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতা-কর্মীরা দুপুর দুইটার দিকে মিছিল বের করে। উপজেলা কমপ্লেক্সে যাওয়ার পথে বনগ্রাম রাস্তার মোড়ে বিএনপি’র চিহ্নিত ক্যাডার ফরিদ, মিঠু, মাসুদরানা, বাবলু, ইনি, শওকত, ওসমান ও আলীর নেতৃত্বে ২৫/২৬ জন সশস্ত্র যুবক অতর্কিত হামলা চালায়।

হামলাকারীদের লাঠি ও ইটের আঘাতে আকতার উজ্জামান (৫০), শহীদুল ইসলাম রতন (৩৫), ইব্রাহিম (৩০), বেনজির আহম্মদ (২৮), গেলমান হোসেন (৩০), আহসান (২৫), কাদের (২৮), আলমগীর (৩২), সাইফুল, মোতাহার, তারিকুল , পুলিশ কনস্টেবল আঃ মান্নান (৪০)সহ কমপক্ষে ২০ জন আহত হয়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় যোগাযোগ করলে ডিউটি অফিসার আ. আজিজ ঘটনার সত্যতা স্বীকার করেন। সন্ধ্যা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ গাজীপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে।