রাজধানীতে গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ও গুজব, আহত ১৯, ১ম লিড
রাজধানীর ফার্মগেটে আওলাদ হোসেন মার্কেটে একটি গার্মেন্টস কারখানায় মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের জের ধরে বিকেলে গুজব ছড়িয়ে পড়লে ছুটোছুটি করার সময় কমপক্ষে ১৯ জন শ্রমিক আহত হয়েছে।
কন্টিনেন্টাল অ্যাপারেলস--এ অগ্নিকাণ্ডের খবরে এক হাজার শ্রমিকের মধ্যে গুজব ছড়িয়ে পড়লে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় ওই শ্রমিকরা আহত হয়।
আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে আওলাদ হোসেন মার্কেটে অবস্থিত ওই গার্মেন্টস কারখানায় আগুন ধরে গেলে মার্কেটের ব্যবসায়ী, কর্মচারি ও স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
কন্টিনেন্টাল অ্যাপারেলস লিমিটেড--এর পরিচালক হাফিজুর রহমান খান বলেন, দুপুর ১টার দিকে ওয়েল্ডিং--এর কাজ থেকে আগুনের সূত্রপাত ঘটে।
তিনি বলেন, প্রথম ঘটনায় প্রায় এক হাজার শ্রমিক নিরাপদে নেমে আসে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
অবশ্য ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফায়ার ব্রিগেডের দু’টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর জের ধরে বিকেলে আবার আগুনের গুজব ছড়িয়ে পড়লে ছুটোছুটির সময় ওই শ্রমিকরা আহত হয়।
১৯৯০ সালের এই দিনে মিরপুরের সারাকা গার্মেন্টসে আগুন লেগে ২৭জন গার্মেন্টস শ্রমিক নিহত হয়।
