নরসিংদীতে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা
নরসিংদী বাজারের কালীবাড়ি মার্কেটে সোমবার মধ্য রাতে এক অগ্নিকাণ্ডে ২০টি দোকান এবং আটটি দোকানের আংশিক মালামাল পুড়ে গেছে।
এ অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার কাপড় ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং দমকল বাহিনী সূত্র জানায়, কালীবাড়ি মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ওই মার্কেটের পাশাপাশি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
বাজারের পাহারাদার দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে প্রায় এক ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন আয়ত্বে আনে।
এ ব্যাপারে কালীবাড়ি মার্কেট কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক বিডিনিউজকে জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে দোকানগুলো ছিল কাপড়ে পরিপূর্ণ। অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার দিশী-বিদেশী কাপড় পুড়ে ছাই হয়ে গেছে।
জেলা প্রশাসক ফিরোজ সালাউদ্দিন ও পুলিশ সুপার মীর রেজাউল আলম মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
