বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আল্টিমেটাম, মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যলয় ঘেরাও
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি সরকারিকরণের দাবীতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি আবারও সরকারকে মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে। আল্টিমেটাম দেয়ার পাশাপাশি তারা আন্দোলনের চুড়ান্ত কর্মসূচিও ঘোষণা করেছে।
সোমবার শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেড়াওসহ দাবি আদায়ের আগ পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা।
সোমবার সকাল থেকেই আন্দোলনরত শিক্ষকরা দেশের বিভিন্ন স্থান থেকে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন এবং সারা দিন তারা অবস্থান করেন।
কয়েক বছর থেকে বেসরকারি শিক্ষকদের চাকরি সরকারিকরণের দাবিতে সমিতি জোর আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেবার পরেও এর কোন সুরাহা হয়নি বলে বক্তারা অভিযোগ করেন। সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আক্কাস আলী বলেন, মঙ্গলবার সকাল দশটার মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হবো। তিনি বলেন, পুলিশ আমাদের বাধা দিলে আমরা মরতেও প্রস্তুত। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি আবু বাসার সিদ্দিক, দফ্তর সম্পাদক সোলায়মান বাবুল, এবং সহ সম্পাদক আব্দুল কাদের।
