২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ও পুরাতন বীমা কোম্পানির মধ্যে পূঁজির বড় ব্যবধান কমিয়ে আনার কথা ভাবছে সরকার

দেশের নতুন ও পুরাতন বীমা কোম্পানির মধ্যে বড় ধরনের ব্যবধানের অবসান ঘটাতে সরকার মূলধনের ভিত্তিতে সামঞ্জস্য আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে মন্ত্রণালয় ডিসেম্বরের প্রথম সপ্তাহেই একটি বৈঠক করেছে।

নাম গোপন  রাখার শর্তে ওই কর্মকর্তা বিডিনিউজকে বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে বীমা কোম্পানি প্রতিষ্ঠার নিয়ম ও আইন-কানুন সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করছি।

সাধারণ ও জীবন বীমা কোম্পানিসহ সকল বীমা কোম্পানির পরিশোধিত পূঁজি বাড়াতে প্রধান বীমা নিয়ন্ত্রকের (সিসিআই) কার্যালয় ইতোমধ্যে একটি একক নীতি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

সিসিআই’র প্রধান ফিরোজ আহমেদ বলেন, এ উদ্যোগের ফলে নতুন ও পুরাতন বীমা কোম্পানির মধ্যে পরিশোধিত মূলধনের মধ্যে চলমান বৃহৎ ফারাক কমে আসবে।

ফিরোজ আহমেদ সোমবার বিডিনিউজকে বলেন, সিসিআই বীমা কোম্পানিগুলোর মূলধন বৃদ্ধির পক্ষে সার্কুলার জারির জন্যে দায়িত্বপ্রাপ্ত না থাকায় আমরা প্রস্তাবটি মন্ত্রণালয়ের বিবেচনার জন্যে পাঠিয়েছি। 

দেশে বর্তমানে ৬০টি বেসরকারি ইন্সুরেন্স কোম্পানি রয়েছে। এর মধ্যে ৪৪টি সাধারণ ও ১৬টি জীবন বীমা কোম্পানি।

ফিরোজ আহমেদ জানান, কতিপয় বীমা কোম্পানি অবশ্য ইতোমধ্যেই তাদের নিজেদের ভালোর জন্যে পরিশোধিত মূলধনের পরিমান বাড়িয়েছে।