পিছিয়ে যাচ্ছে চিড়িয়াখানায় জিরাফ সংগ্রহের উদ্যোগ
চিড়িয়াখানায় আকর্ষণীয় প্রাণী জিরাফ সংগ্রহের উদ্যোগ বার বার পিছিয়ে যাচ্ছে। কোয়ারেন্টাইন (পর্যবেক্ষণ) সমস্যার কারণে এটি ঘটছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ও এ ব্যাপারে অর্থ ছাড় দিতে গড়িমসি করছে।
প্রচলিত বিধান অনুযায়ী বিদেশ থেকে কোনও প্রাণী সংগ্রহ করা হলে তা চিড়িয়াখানায় আনার পর এক মাস কোয়ারেন্টাইনে রাখা হয়। এই সময়ের মধ্যে প্রাণীটির মৃত্যু হলে ঠিকাদারী প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হয় না।
চিড়িয়াখানা সুত্র জানিয়েছে, আফ্রিকার এ প্রাণীটির বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। আর পরিবহন ব্যয় এর দ্বিগুণ। মোট তিন কোটি টাকার বরাদ্দ চেয়ে ইতোমধ্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং এর সুনির্দিষ্ট প্রস্তাবনা চেয়ে পাঠিয়েছে।
কিন্তু চিড়িয়াখানায় প্রাণী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এ দেশে এর কোয়ারেন্টাইন নিয়ে আপত্তি তুলেছে।
তারা বলছে, মুক্ত এলাকা থেকে প্রাণী ধরা, বিমানে ঝুঁকিপূর্ণ পরিবহন এবং এদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো-এসব ক্ষেত্রে কোথাও সমস্যা হলে তাদের তিন কোটি টাকা গচ্ছা যাবে। তারা এ ঝুঁকি নিতে রাজি নয়।
সূত্র আরো জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে একটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, যে দেশ থেকে আনা হবে, সে দেশে রেখেই জিরাফের এক মাসের কোয়ারেন্টাইন বা পর্যবেক্ষণ করা হবে। চারজন কর্মকর্তাকেও এক মাসের জন্যে ওই দেশে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এসময় তারা প্রাণীটির পর্যবেক্ষণ করবেন।
চিড়িয়াখানার এক কর্মকর্তা জানান, এ প্রস্তাবের পর জিরাফ সংগ্রহের বিষয়ে নতুন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। শিগগিরই তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে অনুমোদন পাওয়া গেলে নতুন বছরের প্রথম দিকে ঢাকা চিড়িয়াখানায় অতিথি হয়ে আসতে পারে বিরল প্রজাতির জিরাফ।
