২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’র গেটে হানিফ পরিবহনের বাস ভাংচুর করেছে ছাত্রদল, আহত ২৫

ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয় গেটে ছাত্রদল পরিচয়ে একদল যুবক রোববার সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাংচুর করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 04:10 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এ সময় যুবকদের প্রহারে বাসটির ড্রাইভার ও সুপারভাইজারসহ ২৫ যাত্রী আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিল থেকে হানিফ পরিবহনের একটি বাস নন্দন পার্কের উদ্দেশে রওনা হয়। বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটের সামনে পৌঁছালে বাসের ৩/৪ জন যাত্রী নিজেদের ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে, তাদের নিকট থেকে বেশি ভাড়া নেয়া হয়েছে অভিযোগ করে ড্রাইভার ও হেলপারকে মারতে শুরু করে। এ সময় মোবাইলে খবর পেয়ে আগে থেকে অপেক্ষমান ছাত্রদল কর্মীরা লাঠিসোঠা নিয়ে বেপরোয়াভাবে বাসটি ভাংচুর করতে থাকে। আতংকিত যাত্রীরা চিৎকার করে বাস থেকে তাড়াহুড়ো করে নামার সময় এবং ছাত্রদল কর্মীদের লাঠির আঘাতে প্রায় ২০/২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছাত্রদল পরিচয়ধারী যুবকরা পালিয়ে যায়।

 আহতদের সাভারের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনার সাথে ছাত্রদল কর্মীদের সম্পৃক্ততার বিষয়ে ছাত্রদল জাবি শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, হামলাকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী না। তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামের বাসিন্দা।