সাভারে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধ শতাধিক
ঢাকা--আরিচা মহাসড়কে রবিবার দ’ুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা--আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের কাছে ঢাকা অটোমেটিক ব্রিকস ফ্যাক্টরীর সামনে রবিবার দুপুর ২টার দিকে আরিচা গামী নিরাপদ পরিবহণের যাত্রীবাহী বাস (গাজিপুর-জ-০৪-০১৬৫) এবং বিপরীত দিক থেকে আসা সুপার সার্ভিসের যাত্রীবাহী বাস (ঢাকা-- মেট্রো--ব--১১--২২৫৫) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে বাস দু’টি মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয় এবং মুমুর্ষ অবস্থায় বাসের হেলপার অজ্ঞাত (৩০) কে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আহত যাত্রীদের কয়েকজন বিডিনিউজকে জানায়, এই দুর্ঘটনায় প্রায় একশ ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে অনেকেই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। আশুলিয়া থানায় এ ব্যপারে মামলা দায়ের করা হয়েছে।
