২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের ক্ষুদ্র অস্ত্র নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

জাতিসংঘের ক্ষুদ্র অস্ত্র নিয়ন্ত্রণ আইন অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে শনিবার বেলা ১১টায় চারটি মানবাধিকার সংগঠন জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

সংগঠনগুলো এক যুক্ত বিবৃতিতে বলেন, সন্ত্রাসীরা ক্ষুদ্র অস্ত্র ব্যবহার করছে এবং সহিংস ঘটনাসহ নিষ্ঠুরতা ও নৈরাজ্য কায়েম করছে। বাংলাদেশও তার বাইরে নয়।

তারা বলেন, দেশে অপরাধ ও সহিংস ঘটনা সংঘটনে বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হচ্ছে। দেশজুড়ে এলোপতাড়ি বোমা বিস্ফোরিত হচ্ছে। ক্ষুদ্র অস্ত্র ও বিস্ফোরকের ব্যাপক আমদানি বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র ব্যবহারকারী এবং মৌলবাদীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বিচারব্যবস্থা ও সংবিধান তথা দেশের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আহমদীয়া সম্প্রদায়সহ সমাজের বিভিন্ন সম্প্রদায় তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো ধর্মান্ধ শক্তি, বোমা হামলাকারী এবং অস্ত্র পাচারকারীদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

বাংলাদেশ নেটওয়ার্ক অন স্মল আর্মস (বিএনএসএ), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টনারশিপ সেন্টার (বিডিপিসি), নারী ও মানবাধিকার ফাউন্ডেশন (এনএএমএএফ) এবং বাংলাদেশ কোয়ালিশন ফর চাইল্ড রাইটস (বিসিসিআর) এ কর্মসূচির আয়োজন করে। অন্যান্যের মধ্যে নারীপক্ষ, আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিরাও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।