বড়দিন উপলক্ষে ঢাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা
দেশব্যাপী বোমা হামলার পরিপ্রেক্ষিতে রোববার ঢাকায় বড়দিনের শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এদিন আইন শৃঙ্খলা রক্ষায় নগরীর পাঁচতারা হোটেল সোনারগাঁও এবং শেরাটনসহ বিভিন্ন গির্জায় নিয়মিত বাহিনীর পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র ও দ্রুত যোগাযোগের সরঞ্জাম--সজ্জিত র্যাব সদস্য মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৯ ডিসেম্বর বলেছিলেন, খ্রীস্টান সম্প্রদায় যাতে তাদের বৃহৎ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপন করতে পারেন, সেজন্যে সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।
এসময় তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি বোমা হামলার ভয়ে উৎসবের কর্মসূচি সংক্ষিপ্ত না করার আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নগরীর বিভিন্ন গির্জার ভেতর ও বাইরে এবং খ্রীস্টান সম্প্রদায়ের বসবাসের এলাকাগুলোতে নিয়মিত পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব সদস্যরাও টহল দেবে।
পুলিশ জানায়, বনানী, বারিধারা এবং গুলশানসহ যেসব অভিজাত এলাকায় বিদেশী খ্রীস্টানরা বসবাস করেন, সেসব এলাকায় বড়দিন উৎসব পালনে যাতে কোনও বিঘœ না ঘটে, সেজন্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও পাঁচতারা হোটেল ও গির্জাসমূহের প্রবেশপথে ভিডিও ক্যামেরা ও মেটাল ডিটেক্টর বসানো হবে বলে পুলিশ জানায়।
সূত্র জানায়, গির্জার চারপাশে টহলে থাকবে ইউনিফর্ম ও সাদা পোশাকধারী পুলিশ ও র্যাব সদস্যরা। যেকোনও ধরনের জঙ্গি হামলা এবং অবৈধ মদ সরবরাহ প্রতিহত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হবে চেকপোস্ট।
এছাড়া সাদা পোশকধারী পুলিশ সদস্যরা কূটনীতিক পাড়া এবং গির্জার আশপাশে মোতায়েন থাকবে।
