২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার সম্পাদক মুকুল হত্যা মামলায় নতুন অভিযুক্তসহ সম্পূরক চার্জশিট দাখিল

যশোরের দৈনিক রানার সম্পাদক চাঞ্চল্যকর মুকুল হত্যা মামলার সম্পূরক চার্জশিট প্রদান করা হয়েছে। আগের ২২ জনকে বহাল রেখে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফরাজী আজমল হোসেনসহ আরো একজনকে নতুন করে অর্ন্তভুক্ত করে এ চার্জশিট দাখিল করা হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

যশোর সিআইডির সিনিয়র এএসপি মওলা বক্স বুধবার অত্যন্ত গোপনীয়তার সাথে যশোর সদর ‘ক’ অঞ্চল আমলী আদালতে এ চার্জশিট দাখিল করেন।

দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে পত্রিকা অফিস থেকে ফেরার সময় সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। পরদিন তার স্ত্রী কাউকে আসামি না করেই কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, তদন্ত শেষে সিআইডির তৎকালীন এএসপি দুলাল উদ্দিন আকন্দ বর্তমান বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামসহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সিআইডির এ চার্জশিটের বিরুদ্ধে মামলার বাদী হাফিজা আখতার শিরিন ম্যাজিস্ট্রেট আদালতে নারাজি পিটিশন দায়ের করেন। আদালত তা খারিজ করে দিলে তিনি জজকোর্টে যান। এখানেও আবেদনটি খারিজ করা হলে তিনি আশ্রয় নেন হাইকোর্টের। হাইকোর্টে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ও মীর্জা হোসেন হায়দারের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটি স্থগিত করে দেন।

এরপর বাদী সুপ্রীম কোর্টের শরণাপন্ন হলে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার এবং বিচারপতি এএফএম আলী আজগরের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্টের পূর্বের সিদ্ধান্ত বাতিল করে ৯ ফেব্র“য়ারি মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে সিআইডির সিনিয়র এএসপি মওলা বক্স তদন্ত সম্পন্ন করে বুধবার অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পূরক চার্জশিট দাখিল করেন।

এতে নতুন যে দু’জনকে অর্ন্তভুক্ত করা হয়েছে, তারা হচ্ছেন-- ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফরাজী আজমল হোসেন ও অপর অভিযুক্ত টগর কাজীর পুত্র তরিকুল ইসলাম ওরফে পান্না।

টগর কাজীর অপর দুই পুত্র শাহিন ও তুহিন আগের তালিকায় রয়েছে। এনিয়ে পিতা--পুত্রসহ একই পরিবারের চারজন সাংবাদিক মুকুল হত্যা মামলায় অভিযুক্ত হলো।