সন্ত্রাসী হামলায় শ্রমিক লীগের সাবেক সভাপতি সালাম খান গুরুতর আহত
জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাত আটজনের একটি সন্ত্রাসী দল জনপ্রিয় এ শ্রমিক নেতার ওপর তার মিরপুরস্থ নিজ বাসভবনের সামনে হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এই সময় তিনি তার গাড়ীর জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরি আঘাত করে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
এদিকে আবদুস সালাম খানের নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগ এ হামলার প্রতিবাদে শুক্রবার অর্ধদিবস হরতাল ঘোষণা করেছে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, এ খবর বাসাইল পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশ থেকে অর্ধদিবস হরতালের ঘোষণা দেওয়া হয়।
জাতীয় শ্রমিক লীগের বর্তমান সভাপতি আব্দুল মতিন মাস্টার এবং সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব মো. আশরাফ হোসেন এমপি ও মো. জাফরুল হাসান বিল্স-এর উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম খানের ওপর এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
