দুর্নীতি ও শাসনের উপর টিআইবি’র গবেষণা ফেলোশিপ প্রদান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রথমবারের মত দুর্নীতি ও শাসনের উপর গবেষণার জন্য পাঁচটি ফেলোশিপ প্রদান করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ড. ইয়াহিয়া আখতারকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শাসনের সমস্যার উপর এক গবেষণার জন্য সিনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান করা হয়েছে।
অপেক্ষাকৃত তরুণ ক্যাটাগরিতে চারটি ফেলোশিপ প্রাপ্তরা হলেন-সরকারি অবসরভাতা বিতরণ ব্যবস্থার সিস্টেমের উপর গবেষণার জন্য এসএসপি বাংলাদেশের হাসাইনুল হক, গনমাধ্যম ও শাসনের উপর গবেষণার জন্য ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের জাকির হোসেন রাজু, রাজউকের পরিকল্পনা ও অনুমতি প্রদান প্রক্রিয়ার উপর গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আখতার মাহমুদ এবং বিচার ব্যবস্থার উপর গবেষণার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী শাকির খন্দকার শাহরিয়ার।
টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেলোগণ আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে তাদের মূল গবেষণা প্রতিবেদন তৈরি করবেন বলে আশা করা হচ্ছে। গবেষণায় প্রাপ্ত ফলাফল পরামর্শের জন্য ব্যবহার করা হতে পারে।
দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও শাসনে দায়বদ্ধতা বাড়াতে নতুন ও কার্যকর কৌশল নির্ধারণ করাই হচ্ছে টিআইবি’র ফেলোশিপের প্রধান উদ্দেশ্য।
