শিশু অধিকারভিত্তিক রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা নতুন করে অনুভূত হচ্ছে: ঢাবি উপাচার্য
বাংলাদেশের প্রেক্ষাপটে শিশু অধিকারভিত্তিক রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা নতুন করে অনুভূত হচ্ছে। একদল শিশু সংবাদকর্মীর সঙ্গে মতবিনিময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ এ কথা বলেন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক বার্তা সংস্থা ‘শিশু প্রকাশ’ আয়োজিত গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সঙ্গে এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে একদল ক্ষুদে সাংবাদিকের প্রশ্ন ছিল-- শিশু অধিকার বিষয়ক সংবাদ কেন গণমাধ্যমে আরো বেশি প্রকাশিত হয় না, সংবাদ রসায়ন কী, একজন ভালো সাংবাদিকের কী গুণাবলী থাকা উচিত-- ইত্যাদি।
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ শিশুদের নানা প্রশ্নের জবাবে বলেন, শিশুরা সাংবাদিকতায় এসে বিশ্বকে চেনার সুযোগ পাচ্ছে। এসব নিষ্পাপ শিশুদের নেতৃত্বেই বিশ্ব এগিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, এখনও বিস্তৃতভাবে শিশু বিষয়ক সংবাদগুলো সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে না। শিশুদের তথ্যের চাহিদা মেটাতে তাদের প্রতি আন্তরিক থাকতে হবে সংবাদ মাধ্যমগুলোকে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, শিশু প্রকাশ পরিচালনাকারী সংগঠন গণমাধ্যম বিষয়ক বেসরকারী সংস্থা ম্যাস্--লাইন মিডিয়া সেন্টার--এমএমমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু, সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, ফাহমিদুল হক, এসএম শামীম রেজা প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ উপাস্থাপন করেন শিশু প্রকাশ প্রতিনিধি নীনা শামসুন নাহার।
মতবিনিময় সভায় শিশু প্রকাশ শিশু অধিকার লংঘন বিষয়ক তথ্য উপস্থাপন করে। এ তথ্য অনুযায়ী, চলতি বছর শিশু অধিকার লংঘনের ৩,৪২৪টি ঘটনায় দেশে ১,৯৪২ জন শিশু মারা গেছে।
