২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশন জগতে বেক্সিমকো নিয়ে এলো ‘ইয়োলো’ ব্রান্ড

বেক্সিমকো টেক্সটাইলস তাদের রপ্তানিযোগ্য টেক্সটাইল পণ্যের প্রসার বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানে ‘ইয়োলো’ নামে একটি নতুন চেইন এক্সক্লুসিভ ফ্যাশন শপ চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বসুন্ধরা সিটিতে প্রথম ব্রাঞ্চ খোলার পর ব্যাপক সাড়া পেয়ে বেক্সিমকো ঢাকার গুলশান এভিনিউ এবং ধানমন্ডিতে আরও দুটি শাখা খুলেছে।

বেক্সিমকো টেক্সটাইলসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিদ হোসেন বলেন, সাশ্রয়ী মূল্য, মানসম্মত কাপড় এবং ফ্যাশনের বৈচিত্র্যের কারণে ক্রেতারা আমাদের শো’রুমে ভিড় জমান। তিনি বলেন, ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েই আমরা ঢাকায় আরও তিনটি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত  নিয়েছি।

প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, বেক্সিমকো সিলেট এবং বন্দরনগরী চট্টগ্রামে শিগগিরই ‘ইয়োলো’ ব্রান্ডের আরও দুটি শাখা খুলবে।

ইয়োলো’র শো’রুম গুলোতে ৭৯৯ থেকে ৯৯৯ টাকায় মেন’স ফরমাল শার্ট, ১,১৯৯ থেকে ১,২৯৯ টাকায় আলট্রা ফরমাল শার্ট, ১,৩৯৯ থেকে ১,৪৯৯ টাকায় আলট্রা ফরমাল প্রিমিয়াম, ৫৯৯ থেকে ৮৯৯ টাকায় মেন’স ক্যাজুয়্যাল শার্ট, ৫৯৯ থেকে ৮৯৯ টাকায় মেন’স বটমস, ৫৯৯ থেকে ৮৯৯ টাকায় মেন’স ডেনিম প্যান্টস, ৫৯৯ থেকে ৮৯৯ টাকায় লেডিস প্যান্টস/ স্কার্টস, ২৯৯ থেকে ৭৯৯ টাকায় লেডিস টপস্, ২৪৯ থেকে ৭৯৯ টাকায় লেডিস নিটস্, ২৪৯ থেকে ৮৯৯ টাকায় মেন’স নিটস্, এবং ৪৯৯ থেকে ৬৯৯ টাকায় মেন্স নেকটাই পাওয়া যাচ্ছে।

বেক্সিমকো টেক্সটাইলস একটি ১০০ ভাগ রফতানিকৃত প্রতিষ্ঠান হলেও দেশীয় ক্রেতাদের কাছে এসব উচ্চমানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়ার জন্য বেক্সিমকো দেশীয় বাজারে তাদের পণ্যের বাজারজাতকরণের সিদ্ধান্ত নেয় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

এদিকে বাংলাদেশে ব্যাপক সাফল্য লাভের পর বেক্সিমকো সম্প্রতি পাকিস্তানের করাচীতে ইয়োলো’র একটি ব্রাঞ্চ খুলেছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ইয়োলো ব্রান্ড্রের পোশাক পাকিস্তানের ফ্যাশন জগতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এশিয়ার বাজার থেকে শুরু করে পরবর্তীতে বিশ্বব্যাপী ইয়োলো’র শাখা  

খোলার পরিকল্পনা রয়েছে বেক্সিমকো’র।