স্থগিতাদেশ প্রত্যাহার, এ মাসেই ১০ হাজার অভিযোগ ও মামলার তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন
কর্মকর্তাদের নিয়োগ ও বেতন-ভাতা প্রদানের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় স্বাধীন দুর্নীতি দমন কমিশন আবারো পূরো দমে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসেই কমিশন দশ হাজার অভিযোগ ও মামলার তদন্ত শুরু করবে।
কমিশন সুত্র জানায়, গঠনের পর কমিশন আইন অনুযায়ী বিলুপ্ত হয়ে যাওয়া দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে থেকে বাছাই করে ৭৪৩ জনকে কমিশনে নিয়োগ দেয়।
ব্যুরোর মোট এক হাজার ছয় জন কর্মকর্তা ও কর্মচারির মধ্যে বাকী ২৬৩ জনকে মন্ত্রীপরিষদ বিভাগে প্রত্যাহারের সুপারিশ করা হয়। বিভিন্ন কারণে বাদ পড়া ওই কর্মকর্তাদের মধ্যে কয়েকজন তিনটি রিট পিটিশন দায়ের করেন।
পিটিশনে কমিশনে নিযুক্ত বিলুপ্ত ব্যুরোর ১৪৮ জন কর্মকর্তার নিয়োগ ও বেতন-ভাতা গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এর মধ্যে ৩৩ জন প্রাক্তন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা ও সহকারি পরিচালক, ৫২ জন পরিদর্শক ও ৬৩ জন সহকারি পরিদর্শক। রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত তাদের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিলে দীর্ঘদিন ধরে কমিশনের কার্যক্রম স্থগিত থাকে।
সম্প্রতি হাইকোর্ট কমিশনের বিরুদ্ধে দায়ের করা ওই তিনটি পিটিশনের কারণে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করেন।
সূত্র জানায়, স্থগিতাদেশ প্রত্যাহার করায় কমিশনে নিযুক্ত বিলুপ্ত ব্যুরোর কর্মকর্তাদের স্বাভাবিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। একই সাথে তারা তাদের বেতন ও ভাতা গ্রহণেরও সুযোগ পাবেন।
কমিশন সুত্র আরও জানায়, কমিশন বিভিন্ন সময়ের জমে থাকা সাত হাজার ৩ শ’ ৪২টি অভিযোগ অনুসন্ধান এবং দুই হাজার ৯ শ’ ৮টি মামলার তদন্তের কার্যক্রম শুরু করবে। এ জন্য কমিশনে নিযুক্ত ৩৩ জন সহকারি পরিচালক ও ৫২ জন পরিদর্শক পর্যায়ের কর্মকর্তা কাজ করবে।
